নেশন্স লিগ জিতে নতুন যুগের সূচনা দেখছেন স্পেন কোচ
স্পেনের এই প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে দারুণ আশাবাদী লুইস দে লা ফুয়েন্তে।
উয়েফা নেশন্স লিগ জিতে স্পেনের ঘুচেছে এক দশকেরও বেশি সময়ের খরা। দলটির কোচ হিসেবে দায়িত্বের শুরুর দিকেই শিরোপার স্বাদ পেলেন লুইস দে লা ফুয়েন্তে। সব মিলিয়ে তিনি দারুণ খুশি তো বটেই, দল নিয়ে তার স্বপ্নের পরিধিও বেড়ে গেছে আরও। স্প্যানিশ এই কোচের বিশ্বাস, আগামীতে আরও শিরোপা জেতার ভিত গড়ে ফেলেছেন তারা।
রটারডামে গত রোববার স্পেন ও ক্রোয়েশিয়ার ফাইনালের ১২০ মিনিটের লড়াই গোলশূণ্যভাবে শেষ হয়। এরপর পেনাল্টি শুট আউটে ৫-৪ ব্যবধানে জিতে প্রথমবারের মতো নেশন্স লিগে চ্যাম্পিয়ন হয় স্পেন।
এর মাধ্যমে ১১ বছর পর শিরোপা জিতল স্পেন। ইনিয়েস্তা-শাভিদের হাত ধরে সবশেষ ২০১২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল তারা। এর আগে ২০১০ বিশ্বকাপেও সেরার মুকুট জিতেছিল দলটি।
বর্তমান দলের মাঝেও এমন কিছুর সম্ভাবনা দেখছেন ফুয়েন্তে। ফাইনালের পর সংবাদ সম্মেলনে ৬১ বছর বয়সী কোচ বললেন, বড় স্বপ্ন দেখতেই পারেন তারা।
“এই খেলোয়াড়রা (শিরোপা) জেতার সঙ্গে অভ্যস্ত। তারা বয়সভিত্তিক দল থেকেই অনেক কিছু জিতেছে এবং এটা অব্যাহত থাকতে পারে। আমি মনে করি, এই প্রতিযোগিতামূলক ধারাটা ফিরে এসেছে এবং আমরা আরও অনেক কিছু জয়ের আশা করতে পারি।”
কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় মরক্কোর বিপক্ষে হেরে আসর থেকে ছিটকে পড়ে স্পেন। এরপর কোচের দায়িত্ব থেকে লুইস এনরিকেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় ফুয়েন্তে। দায়িত্বের চতুর্থ ম্যাচেই শিরোপা জেতালেন তিনি।
অথচ গত মার্চেও পরিস্থিতি ছিল ভিন্ন। স্পেনের কোচ হিসেবে নিজের দ্বিতীয় ম্যাচে ইউরো ২০২৪-এর বাছাইয়ে স্কটল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে চাপের মুখে ছিলেন ফুয়েন্তে। তবে দলের ওপর কখনই বিশ্বাস হারাননি বলে জানালেন অভিজ্ঞ এই কোচ।
“আমি এই প্রজন্মের খেলোয়াড়দের খুব ভালোভাবে চিনি এবং আমি জানতাম যে তারা আমাকে হতাশ করবে না। আমরা এই সপ্তাহ জুড়ে খুব হালকা মেজাজে ছিলাম এবং আমাদের অনুশীলন সেশনগুলো উপভোগ করেছি।”
