২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদো ইউনাইটেডেই থাকবেন, আশায় কাসেমিরো

ম্যানচেস্টারের দলটিতে কাসেমিরো আসামাত্রই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পুরনো সতীর্থ রোনালদো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2022, 04:48 PM

Updated : 27 Aug 2022, 12:58 PM

রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া কাসেমিরো নতুন সতীর্থদের সঙ্গে শুরু করে দিয়েছেন অনুশীলন। ওল্ড ট্র্যাফোর্ডে পেয়েছেন পুরনো সতীর্থ ও রিয়ালে অনেক সাফল্যের সঙ্গী ক্রিস্তিয়ানো রোনালদো। তাদের পুনর্মিলনের এই সুখানুভূতির মাঝে যদিও রয়েছে শঙ্কা, রোনালদোর ইউনাইটেড ছেড়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন যে থেমে নেই।

তবে কাসেমিরোর আশা, প্রিমিয়ার লিগের দলটিতেই থেকে যাবেন রোনালদো। আবারও জুটি বেঁধে সাফল্যের পথে হাঁটবেন তারা।

গত মৌসুমের শুরুতে ইতালিয়ান ক্লাব ইউভেন্তুস ছেড়ে ইউনাইটেডে ফেরেন রোনালদো। ক্লাবটিতে দ্বিতীয় মেয়াদের অভিষেক মৌসুম ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে খারাপ কাটেনি তার। ছিলেন দলের সর্বোচ্চ গোলদাতা।

কিন্তু দল হিসেবে ইউনাইটেড ছিল দিক হারা। ষষ্ঠ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করায় এবার চ্যাম্পিয়ন্স লিগেও নেই তারা। ইউরোপ সেরার মঞ্চে প্রতিনিধিত্ব করা হবে না বলেই ৩৭ বছর বয়সী রোনালদো চলে যেতে চান বলে শোনা যাচ্ছে।

গত সোমবার প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে পর্তুগিজ তারকাকে শুরুর একাদশে রাখেননি কোচ এরিক টেন হাগ।

প্রিমিয়ার লিগে তার আগের দুই রাউন্ডেই হেরেছিল দলটি। ব্রাইটন অ‍্যান্ড হোভ অ‍্যালবিয়নের বিপক্ষে লিগে নিজেদের প্রথম ম্যাচেও শুরুর একাদশে ছিলেন না রোনালদো। দ্বিতীয় রাউন্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার ম্যাচে অবশ্য পুরোটা সময় খেলেন তিনি। তবে কোনো ম্যাচেই পারেননি আলো ছড়াতে।

সাম্প্রতিক সময়ের গুঞ্জন, এমন সাদামাটা পারফরম্যান্স এবং হাইভোল্টেজ ম্যাচে একাদশে জায়গা হারানোর পর রোনালদোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে আরও। তবে লিভারপুল ম্যাচের পর টেন হাগ বলেন, এখনও তার পরিকল্পনা ভালোভাবেই আছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

ইএসপিএনের সঙ্গে আলাপকালে কাসেমিরোও তুলে ধরলেন দলে রোনালদোর গুরুত্বের কথা।

“তিনি (রোনালদো) জানেন যে আমি তাকে অনেক সম্মান করি। আশা করি, সে আমাদের সঙ্গে থাকবে, কারণ সে দুর্দান্ত একজন খেলোয়াড়। আমরা সর্বকালের সেরা খেলোয়াড়দের একজনকে নিয়ে কথা বলছি। দলকে সে অনেক গোল এনে দেয়। সে একজন বিজয়ী, একজন নেতা। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

“ভাষাগত কারণে (দুজনেরই মাতৃভাষা পর্তুগিজ) আমাদের মাঝে কথাবার্তা বেশি হয়। এখানে প্রথম দিন থেকে তিনি আমাকে সব কিছুতে সাহায্য করেছেন। অনেক সাহায্য করেছেন। আমি সত্যিই চাই, তিনি আমাদের সঙ্গে থাকুন।”

আগামী শনিবার সাউথ্যাম্পটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে ইউনাইটেডের হয়ে অভিষেক হতে পারে কাসেমিরোর। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলে ১৪তম স্থানে রয়েছে প্রিমিয়ার লিগের সফলতম দলটি।