২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেফারিকে ঘুষি মারা আংকারাগুজুর সভাপতি গ্রেপ্তার

এমকেই আংকারাগুজুর সভাপতি ফারুক কোচাকে ছাড়া আরও দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রেফারিকে ঘুষি মারা আংকারাগুজুর সভাপতি গ্রেপ্তার

এমকেই আংকারাগুজুর সভাপতি ফারুক কোচা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 07:47 PM

Updated : 12 Dec 2023, 07:58 PM

মাঠে ঢুকে রেফারিকে ঘুষি মারার দায়ে গ্রেপ্তার করা হয়েছে টার্কিশ লিগের দল এমকেই আংকারাগুজুর সভাপতি ফারুক কোচাকে। তার সঙ্গে ওই ঘটনার সঙ্গে জড়িত আরও দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

টার্কিশ লিগে সোমবার সায়কুর রিজেসপরের বিপক্ষে আংকারাগুজু জয়ের পথেই ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল হজম করে হেরে বসে দলটি। এতে মেজাজ হারিয়ে আংকারাগুজু সভাপতি মাঠে ঢুকে রেফারি হালিল উমুত মেলেরকে ঘুষি মারেন। তার সঙ্গে যোগ দেন আরও কয়েকজন। সবার ঘুষি-লাথিতে মাঠেই লুটিয়ে পড়েন রেফারি।

পুরনো খবর:

রেফারিকে ক্লাব সভাপতির ঘুষি, স্থগিত হলো লিগ

১-১ ড্র হওয়া ম্যাচে ওই কাণ্ডের পর লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় কর্তৃপক্ষ। টার্কিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (টিএফএফ) পক্ষ থেকে মঙ্গলবারই বসার কথা জানানো হয়েছিল। আংকারাগুজুর সভাপতির ‘সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে’ বলেও তখন জানায় লিগ কর্তৃপক্ষ।

সে বার্তার প্রতিফলনও পাওয়া গেল দ্রুত। বিচার বিষয়ক মন্ত্রী ইলমাজ টাঙ্ক জানিয়েছেন, ফারুক কোচা ও আরও দুই জনকে ‘পাবলিক অফিসিয়ালকে আহত করার’ দায়ে গ্রেপ্তার করা হয়েছে।

অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট জোসেফ তাইপ এরদোয়ানও। বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও এই ঘটনাকে বলেছেন ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ এবং ‘খেলাধুলার আঙিনায় বা সমাজে সহিংসতার কোনো স্থান নেই’।

“ম্যাচ অফিসিয়াল ছাড়া ফুটবল বলে কিছু নেই। রেফারি, খেলোয়াড়, সমর্থক এবং স্টাফদের নিরাপদ রাখতে হবে এবং ম্যাচ উপভোগের জন্য সুরক্ষা দিতে হবে এবং কর্তৃপক্ষের প্রতি আমার আহ্বান, সর্বস্তরে এই বিষয়গুলো যথাযথ নিশ্চিত করতে হবে।”

তদন্তকাজ ‘নিবিড়ভাবে’ চলছে বলে জানিয়েছেন বিচার বিষয়ক মন্ত্রী।