'২০ বছর বয়সেই নিজের পজিশনে সেরাদের একজন পেদ্রি'
স্প্যানিশ মিডফিল্ডারের আরও উন্নতির সুযোগ আছে বলে মনে করেন শাভি এরনান্দেস।
একুশে পা দেওয়ার আগেই ক্লাব ও জাতীয় দলে অপরিহার্য সদস্য হয়ে গেছেন পেদ্রি। সময়ের সেরা প্রতিভাবান মিডফিল্ডারদের একজনকে নিয়ে শুরু থেকেই উচ্ছ্বসিত শাভি এরনান্দেস। বার্সেলোনা কোচের বিশ্বাস, নিজের পজিশনে এরই মধ্যে সেরাদের একজন হয়ে গেছেন পেদ্রি।
লা লিগায় জিরোনার বিপক্ষে ম্যাচে বার্সেলোনার জার্সিতে ১০০তম ম্যাচ খেলেন পেদ্রি। বদলি হিসেবে নেমে গোল করে উপলক্ষটি স্মরণীয় করে রাখেন তিনি। তার একমাত্র গোলেই দল জেতে ১-০ ব্যবধানে।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে ছয় গোল করেছেন পেদ্রি, এর মধ্যে স্পেনের শীর্ষ লিগেই পাঁচটি।
২০২১ সালের নভেম্বরে শাভি বার্সেলোনার কোচ হওয়ার পর থেকে পেদ্রি তার লক্ষ্যে নেওয়া শটের ৭২.৭ শতাংশ জালে পাঠিয়েছেন (১১টির মধ্যে আটটি)। এই সময়ে কাতালান ক্লাবটির হয়ে কমপক্ষে ছয় গোল করা খেলোয়াড়দের মধ্যে যা সর্বোচ্চ।
জিরোনা ম্যাচের পর পেদ্রিকে প্রশংসায় ভাসিয়ে শাভি বলেন, আরও উন্নতির সুযোগ আছে ২০ বছর বয়সী এই ফুটবলারের।
“সে এরই মধ্যে মাঠে বড় পার্থক্য গড়ে দেওয়া খেলোয়াড় হয়ে উঠেছে। সেই সঙ্গে অ্যাসিস্ট ও গোল সংখ্যা যোগ করলে দেখা যাচ্ছে, আমরা এই পজিশনে বিশ্বের সেরাদের একজনকে নিয়ে কথা বলছি, এবং সেটা মাত্র ২০ বছরেই সে তা করে দেখিয়েছে।”
“শেষ পাস দেওয়ার ক্ষেত্রে তাকে আরও অনেক উন্নতি করতে হবে।”
