মেসি-দি মারিয়া ছাড়াও ‘অনেক’ পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা
দলে ব্যাপক পরিবর্তন এলেও মাঠের পারফরম্যান্সে এর প্রভাব পড়বে না বলে বিশ্বাস লিওনেল স্কালোনির।
ইন্দোনেশিয়ার বিপক্ষে লিওনেল মেসি খেলবেন না, একরকম নিশ্চিতই ছিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে দলে আরও পরিবর্তনের আভাস দিলেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ বললেন, অস্ট্রেলিয়া ম্যাচের দল থেকে বিশ্রাম দেওয়া হবে আরও কয়েকজন খেলোয়াড়কে।
এশিয়া সফরে দ্বিতীয় ও শেষ ম্যাচে সোমবার ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে গত বৃহস্পতিবার বেইজিংয়ে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারায় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেদিন শুরুর একাদশে থাকা মেসি দলের প্রথম গোলটি করেন।
ওই ম্যাচের আগেই গণমাধ্যমে খবর আসে, ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচে খেলবেন না রেকর্ড সাতবারের ব্যালন দ'র জয়ী।
ইন্দোনেশিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন স্কালোনি। সব মিলিয়ে অস্ট্রেলিয়া ম্যাচের একাদশ থেকে তিনি ‘সাত-আটটি’ পরিবর্তন আনতে পারেন বলে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে। তবে বিশ্বকাপ জয়ী কোচের বিশ্বাস, দলে অনেক পরিবর্তন এলেও মাঠের পারফরম্যান্সে এর প্রভাব পড়বে না।
“মেসি বিশ্রামে থাকবে, আমিই সিদ্ধান্ত নিয়েছি যে তার বিশ্রাম নেওয়া উচিত। তার, (আনহেল) দি মারিয়া ও (নিকোলাস) ওতামেন্দির বিশ্রাম দরকার, এই পরিকল্পনা আগে থেকেই করা ছিল। আমরা আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে একটি ম্যাচ খেলব, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।”
“আর্জেন্টিনা দল যে কোনো খেলোয়াড়ের চেয়ে বড়, এই ম্যাচে লিও (মেসি) থাকবে না, তবে অন্যরা আছে এবং আমি আশা করি দর্শকরা ম্যাচটি উপভোগ করবে।”
৩৫ বছর বয়সেও জাতীয় দলের হয়ে অসাধারণ ছন্দে আছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে সবশেষ সাত ম্যাচেই গোল করেছেন তিনি। স্কালোনি মনে করেন, সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের ঘাটতি পূরণ অসম্ভব।
“আগামীকাল (মেসির) জায়গায় কে খেলবে? কেউই নয়। মেসির জায়গায় কেউ খেলতে পারবে না, কিন্তু আমরা চেষ্টা করব দলকে একইভাবে খেলানোর জন্য, এটা মেনে নিয়ে যে তার শূন্যতা পূরণ করা সম্ভব নয়।”
