২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসার উষ্ণ ছোঁয়ায় ঢাকায় মার্তিনেস

সংক্ষিপ্ত সফরে সোমবার ভোরে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার।

ভালোবাসার উষ্ণ ছোঁয়ায় ঢাকায় মার্তিনেস

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চার্সের কর্মকর্তাদের সঙ্গে এমি মার্তিনেস। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2023, 11:02 AM

Updated : 03 Jul 2023, 11:03 AM

ইন্সটাগ্রাম স্টোরিতে দুটি ছবি শেয়ার করেছেন এমি মার্তিনেস। একটিতে ঢাকার রাস্তার ছবি, যেখানে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ।’ লেখার পাশে বাংলাদেশের পতাকা ও ভালোবাসার ইমোজি। নান্দনিক যে কেক দিয়ে ঢাকায় হোটেলে তাকে স্বাগত জানানো হয়েছে, সেটি শেয়ার করেছেন তিনি আরেকটি ছবিতে।

বাংলাদেশে তুমুল জনপ্রিয় এই আর্জেন্টাইন গোলরক্ষক পূর্ব সূচি অনুযায়ীই সোমবার ভোরে পা রেখেছেন ঢাকায়। প্রায় ১১ ঘণ্টার অতি সংক্ষিপ্ত এক সফরে এসেছেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। তার মূল সফর কলকাতায়, যেখানে তিনি কাটাবেন আড়াই দিনের মতো। সেখানে যাওয়ার পথেই একটু ঢু মেরে যাচ্ছেন তিনি ঢাকায়। কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগেই মার্তিনেসের এই সফর।

ঢাকায় খুব বেশি আনুষ্ঠানিকতা নেই মার্তিনেসকে নিয়ে। হোটেলে বিশ্রাম নিয়ে সকাল ৯টার দিকে নেক্সট ভেঞ্চার্সের কার্যালয়ে গেছেন। বাংলাদেশে মার্তিনেসের সফরের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এটি। সেখানে তার সঙ্গে একটি আয়োজন ছিল বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা তার।

তবে বাংলাদেশে আর্জেন্টিনাকে ঘিরে যে তুমুল উন্মাদনা, গত বিশ্বকাপের বাংলাদেশের যে আবেগের ঢেউ আছড়ে পড়েছিল আর্জেন্টিনাতেও, সেসবের সঙ্গে সরাসরি পরিচয় হচ্ছে না মার্তিনেসের। সমর্থকদের সঙ্গে, এমনকি সংবাদমাধ্যমের জন্যও কোনো আয়োজন নেই তাকে নিয়ে।

নেক্সট ভেঞ্চার্সের প্রধান নির্বাহী সৈয়দ আব্দুল্লাহ জায়েদ রোববারই জানিয়েছেন সেটির কারণ, “আমাদের ইচ্ছে ছিল মার্তিনেসকে নিয়ে বড় করে একটি অনুষ্ঠান করার। তবে তিনি গত ২৬ জুন আমাদের নিশ্চিত করেছেন। এরপর ঈদের ছুটি এলো। এছাড়া তিনি খুবই কম সময় ঢাকায় থাকবেন। তাই কোনো অনুষ্ঠান সম্ভব হচ্ছে না।”

নেক্সট ভেঞ্চার্সের কার্যালয়ে বাংলাদেশ ফুটবল দলের কয়েকজন সদস্যকেও আমন্ত্রণের ইচ্ছা ছিল আয়োজকদের। কিন্তু বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ভারতে অবস্থান করায় মার্তিনেসের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না জাতীয় ফুটবলারদের।