চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করে খুব খুশি শাভি
দলের এগিয়ে চলার পথে এই অর্জন বড় এক পদক্ষেপ বলে মনে করেন বার্সেলোনা কোচ।
আগের দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের পথচলা থেমে গিয়েছিল গ্রুপ পর্বেই। বার্সেলোনার জন্য তাই এবার আগেভাগে শেষ ষোলোয় খেলা নিশ্চিত করা বড় এক প্রাপ্তিই বটে। কোচ শাভি এনার্ন্দেসের জন্য বিষয়টি একই সঙ্গে স্বস্তি ও আনন্দের। কারণ, দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দলটিকে নকআউট পর্বে তুলতে পারলেন তিনি।
বাজে পারফরম্যান্সে গত দুই মৌসুমে ইউরোপ সেরার মঞ্চে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বার্সেলোনা। গতবার অবশ্য তাদের গ্রুপে ছিল বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও গত আসরে রানার্সআপ হওয়া ইন্টার মিলানের মতো দল।
এবার সেই তুলনায় সহজ গ্রুপ থেকে বার্সেলোনা আগেভাগে কাজ সেরে ফেলল। মঙ্গলবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে পোর্তোকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বের টিকেট নিশ্চিত করে শাভির দল। প্রথমে পিছিয়ে পড়ার পর জোয়াও কানসেলো ও জোয়াও ফেলিক্সের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।
গ্রুপে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে বার্সেলোনা।
পেছনের হতাশা মুছে আবার চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে উঠতে পেরে উচ্ছ্বসিত স্পেনের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার শাভি বললেন, ক্লাবের জন্য এটা অনেক বড় পাওয়া।
“আমি মনে করি, এটা (ক্লাবের) এগিয়ে চলার পথে বড় একটি পদক্ষেপ। আমাদের নকআউট পর্বে ফিরতেই হতো। দুই বছর ইউরোপা লিগে (নেমে যাওয়ার) পর এটা ক্লাবের জন্য অনেক গুরুত্বপূর্ণ।”
“সর্বোপরি খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও মনোবলের জন্যও এই অর্জন গুরুত্বপূর্ণ। এটা অনেক অর্থবহ, কারণ আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপগুলো কতটা কঠিন; (বড় মাপের) কিছু দলও পরের রাউন্ডে যাওয়ার জন্য লড়াই করছে।”
