'পেলে দেখিয়েছে, বিশ্বের সবচেয়ে বিখ্যাত মানুষ হয়েও সাধারণ থাকা যায়'
পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মানুষ হয়েও সাধারণ থাকতে হয় কীভাবে, পেলে থেকে এই শিক্ষা নিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
ফুটবলের দুনিয়ায় পেলে কতখানি, তা নতুন করে হয়তো বলার কিছু নেই। অনেক আগেই সিংহাসনে বসেছেন তিনি। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ সেই চেষ্টাও করলেন না। ফুটবলের রাজার যে দিকটি তার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হলো, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের একজন হয়ে নিজেকে কী সাধারণভাবেই না তুলে ধরতেন তিনি!
ক্লপের ভাষায়, এত খ্যাতি থাকার পরও সবার সঙ্গে খুব সাধারণভাবে মিশতে পারতেন তিনি, তার ছিল না কোনো অহংবোধ। ওপারে পাড়ি দেওয়া কিংবদন্তির এই দিকটিই বেশি ভালো লাগত ক্লপের।
ক্যান্সারের সঙ্গে লম্বা সময়ের লড়াইয়ে পর গত বৃহস্পতিবার ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা ইতিহাসের একমাত্র ফুটবলার। বল পায়ে পেলে কতটা নিখুঁত, কার্যকর আর ভয়ঙ্কর ছিলেন, তা বোঝাতেই হয়তো ক্লপ বললেন, পেলের সামর্থ্যের ০.০১ শতাংশও তার নেই।
ফুটবলের জাদুকর পেলের পায়ের কারিকুরিতে মুগ্ধ ছিল সবাই। এই খেলায় তার স্কিল ছিল অবিশ্বাস্য। ফুটবলে ১০ নম্বর জার্সিটি তার ছোঁয়া পেয়েই হয়ে ওঠে বিশেষ।
ক্লপ বেশ গর্বের সঙ্গে বললেন, পেলের স্বাক্ষর করা একটি জার্সি আছে তার কাছে। জন্মদিনে উপহার পেয়েছিলেন। ২০০৬ বিশ্বকাপের সময় জার্মান গ্রেট ফ্রাঞ্জ বেকেনবাওয়ার সেটা দিয়েছিলেন।
লিভারপুল কোচের কাছে, পেলেই সব সময়ের সেরা। “ভবিষ্যতে কেউ আমাকে যা-ই বলুক না কেন, পেলেই আমার কাছে সেরা। আমি এটা কখনও ভুলব না।”
“তারা দুই জনই (পেলে ও বেকেনবাওয়ার) দেখিয়েছেন যে, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মানুষ হলেও পুরোপুরি সাধারণ একজন হিসেবে থাকা যায়। আর এই বিষয়টিই আমি বেশি ভালোবাসি, তাদের থেকে এটা আমি শিক্ষা হিসেবে নিয়েছি, যা আমি কখনও ভুলব না।”
আগামী সোম ও মঙ্গলবার হবে পেলের অন্ত্যেষ্টিক্রিয়া। প্রয়াত এই ফুটবলারের প্রতি সপ্তাহ জুড়ে সম্মান জানাবে লিগগুলো।
প্রিমিয়ার লিগ, ইংলিশ ফুটবল লিগ ও অস্ট্রেলিয়া ‘এ’ লিগ জানিয়েছে, পেলেকে শ্রদ্ধা জানাতে ম্যাচের আগে এক মিনিট করতালি দেওয়া হবে। লা লিগা ও সেরি আ বলেছে, ম্যাচ শুরুর আগে তারা পালন করবে এক মিনিট নীরবতা।
