২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পিএসজি ছাড়ার সময় হয়েছে এমবাপের'

ফরাসি চ্যাম্পিয়নদের সাবেক ক্রীড়া পরিচালক লিওনার্দোর বিশ্বাস, এই তারকা ফরোয়ার্ড ক্লাব ছাড়লে তাতে উপকৃত হবে পিএসজি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 07:10 PM

Updated : 10 Jul 2023, 07:10 PM

সময় যত গড়াচ্ছে, পিএসজি ও কিলিয়ান এমবাপের সম্পর্ক ততই তেতো হয়ে উঠছে। চুক্তি নবায়ন নিয়ে ভিন্ন অবস্থানে আছে দুই পক্ষ। সে বিষয়ে এবার নিজের মত জানিয়েছেন লিওনার্দো। ক্লাবটির সাবেক ক্রীড়া পরিচালক বলেছেন, এখনই ক্লাব ছাড়া উচিত এমবাপের। 

গত বছর পিএসজির সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেন এমবাপে, এতে বড় ভূমিকা রাখেন ওই সময়ের ক্রীড়া পরিচালক লিওনার্দো। এই চুক্তি নবায়ন না করার ইচ্ছার কথা গত মাসে ক্লাবকে চিঠি দিয়ে জানিয়ে দেন ২৪ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড। তবে সেই চিঠি কর্তৃপক্ষ দেখার আগেই ফাঁস হয়ে যায় গণমাধ্যমে। 

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি। এমবাপেকে দুই সপ্তাহের সময় বেধে নিয়ে তিনি বলেন, ক্লাবে থাকতে হলে চুক্তি নবায়ন করতে হবে গত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাকে। এর ব্যত্যয় হলে পিএসজি ছাড়তে হবে এই গ্রীষ্মেই। 

পিএসজির জার্সিতে এমবাপেকে আর দেখতে চান না লিওনার্দো। গত সোমবার ফরাসি ক্রীড়া পত্রিকা লেকিপে-কে সাক্ষাৎকার দেন এই ব্রাজিলিয়ান। ৫৩ বছর বয়সী লিওনার্দো মনে করেন, সাবেক মোনাকো তারকাকে ছাড়াও এগিয়ে যাবে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। 

“যাই হোক না কোনো, পিএসজির ভালোর জন্যই এমবাপের চলে যাওয়ার সময় হয়েছে। এমবাপে আসার আগেও পিএসজি ছিল এবং তাকে ছাড়াও টিকে থাকবে। ছয় বছর ধরে সে ক্লাবে আছে এবং এই সময়ে এমবাপেকে ছাড়াই পাঁচটি দল চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে।” 

দীর্ঘদিন ধরেই এমবাপেকে দলে ভেড়ানোর চেষ্টা করে যাচ্ছে রিয়াল। গত মৌসুমেও দুই পক্ষের আলোচনা এগিয়েছিল অনেক দূর। কিন্তু গত বছর মে মাসে চুক্তি নবায়ন করে পিএসজিতে থেকে যান ২০১৮ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। 

পিএসজিতে চুক্তি নবায়ন না করলে ২০২৩-২৪ মৌসুমের পর 'ফ্রি এজেন্ট' হয়ে যাবেন এমবাপে। গুঞ্জন রয়েছে, ওই সময়েই তাকে দলে টানার দিকে চোখ রিয়ালের।