ফারাক্কা চুক্তি নবায়ন করে বন্ধুত্বের প্রমাণ দিক ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী
শহরের বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরকারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।
ফারাক্কা চুক্তি নবায়ন ও ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার মাধ্যমে ভারতকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে জানিয়ে তিনি বলেন, “আমি মনে করি, ভারত গ্যারান্টি ক্লজ যুক্ত করে চুক্তিটি নবায়ন করবে এবং বাংলাদেশের সঙ্গে অভিন্ন ৫৪টি নদীর পানির হিস্যা ন্যায্যতার ভিত্তিতে বণ্টন করবে।
“এর মাধ্যমে ভারত প্রমাণ করবে, তারা বাংলাদেশের প্রকৃত বন্ধুপ্রতিম রাষ্ট্র।
রোববার সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় কাঠের সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সমর্থন নিয়ে নানা বিতর্ক ছিল। তাই গ্যারান্টি ক্লজ যুক্ত করে ফারাক্কা চুক্তি নবায়ন করা হলে এসব বিতর্কের অবসান ঘটবে এবং ভারত প্রকৃত অর্থেই বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে নিজেদের অবস্থান প্রমাণ করতে পারবে।”
এ সময় পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাসহ সড়ক বিভাগের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
মীরগড় এলাকায় কাঠের সেতুর স্থলে নতুন সেতু নির্মাণ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পাওয়ায় প্রতিমন্ত্রীকে মিষ্টিমুখ করান এলাকাবাসী।
দীর্ঘদিনের প্রত্যাশিত সেতু নির্মাণের উদ্যোগে স্থানীয়দের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা যায়।
এ সময় জেলা শহরের বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।
