ফন ডাইকের মতে, লিভারপুলের কোচ হতে পারেন আর্না স্লট
স্বদেশি কোচ আর্না স্লটের ফুটবল দর্শন লিভারপুলের সঙ্গে মানানসই বলে মনে করেন দলটির অধিনায়ক ভার্জিল ফন ডাইক।
লিভারপুলের ডাগআউটে ইয়ুর্গেন ক্লপের সম্ভাব্য উত্তরসূরি নিয়ে শোনা যাচ্ছে নানামুখী গুঞ্জন। সেই আলোচনায় এবার বাড়তি মাত্রা যোগ করলেন দলটির অধিনায়ক ভার্জিল ফন ডাইক। স্বদেশি কোচ আর্না স্লটের ভালো সম্ভাবনা দেখছেন এই ডাচ ডিফেন্ডার।
ফন ডাইকের এমনটা মনে হওয়ার কারণে স্লটের ফুটবল দর্শন এবং দল পরিচালনার কৌশল। গত মৌসুমটা দারুণ কেটেছে ৪৫ বছর বয়সী এই কোচের। তার হাত ধরে ডাচ লিগ ও কেএনভিবি কাপ জিতেছে ফেইনুর্দ।
ক্লপের লিভারপুল মিশনের শেষটা ফিকে হতে বসেছে। সবশেষ লিগ ম্যাচে এভারটনের মাঠে ২-০ গোলে হেরে শিরোপা লড়াইয়ে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে ‘অলরেড’ খ্যাত দলটি।
চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা আগেই দিয়েছেন ক্লপ। ফলে সময় যত যাচ্ছে, অ্যানফিল্ডের দলটির হাল কে ধরবেন, সে প্রশ্নও উচ্চকিত হচ্ছে জোরেশোরে। ভায়াপ্লের সঙ্গে আলাপচারিতায় ফন ডাইক ইঙ্গিত দিলেন স্লটকে নিয়ে।
“অবশ্যই এখন এই প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য কঠিন। কিন্তু, আমি মনে করি, এই মুহূর্তে আর্না স্লট ভালো ডাচ কোচদের মধ্যে একজন, (যিনি হতে পারেন লিভারপুল কোচ)।”
“আমি মনে করি, যেভাবে তিনি দলকে খেলান এবং তার যে দর্শন, তাতে তিনি লিভারপুলের কোচ হতে পারেন। তার সম্পর্কে আমি যেগুলো পড়েছি এবং শুনেছি, তার ভিত্তিতেই কেবল এই মত আমার। অবশ্যই বিষয়টি চূড়ান্ত হওয়া থেকে অনেক দূরে। দেখা যাক কী হয়; পরের বছর এদিকে মনোযোগ দিব আমরা।”
ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, আর্না স্লটের বিষয়ে সমঝোতায় পৌঁছতে ফেইনুর্দের সঙ্গে আলোচনা শুরু করেছে লিভারপুল।
