২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের পয়েন্ট হারিয়ে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে পড়ল লিভারপুল

ম্যানচেস্টার সিটিকে টপকে লিগ টেবিলে পয়েন্টের হিসাবে আর্সেনালের পাশে বসার সুযোগ হারাল ইয়ুর্গেন ক্লপের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2024, 07:28 PM

Updated : 27 Apr 2024, 07:44 PM

সুযোগ এসেছিল ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে লিগ টেবিলে দুইয়ে ওঠার। তবে কাজে লাগাতে পারল না লিভারপুল। মৌসুমের শেষ দিকে এসে হঠাৎ পথ হারিয়ে বসা ইয়ুর্গেন ক্লপের দল এবার হোঁচট খেল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে। তাদের শিরোপা জয়ের আশায় লাগল আরেকটি বড় চোট।

প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে লিভারপুল।

জ্যারড বোয়েনের গোলে সফরকারীরা পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা টানেন অ্যান্ডি রবার্টসন। এরপর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়েও যায় তারা। তবে আন্তোনিওর গোলে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

লিগে সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই পয়েন্ট হারাল লিভারপুল। এর মধ্যে হার ও ড্র দুটি করে, জয় একটি। মাঝে ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনাল থেকেও বিদায় নেয় অ্যানফিল্ডের দলটি।

৩৫ ম্যাচে ২২ জয় ও ৯ ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে আগের মতো তিনেই আছে লিভারপুল। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। 

শুরু থেকে বল দখলে আধিপত্য করা লিভারপুল প্রথম সুযোগ পায় একাদশ মিনিটে। দুরূহ কোণ থেকে হার্ভি এলিয়টের শট পাশের জালে লাগে।

২৯তম মিনিটে লক্ষ্যে প্রথম শট রাখতে পারে সফরকারীরা। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ওই প্রচেষ্টা ফিরিয়ে দেন ওয়েস্ট হ্যামের গোলরক্ষক।

৪০তম মিনিটে দুর্ভাগ্যের ফেরে গোল পায়নি লিভারপুল। বক্সে ঢুকে প্রতিপক্ষের দুজনের বাধা এড়িয়ে লুইস দিয়াসের নেওয়া শট পোস্টে লাগে।

তিন মিনিট পর উল্টো গোল হজম করে তারা। ছোট করে নেওয়া কর্নারের পর মোহামেদ কুদুসের ক্রসে বক্সে হেডে ওয়েস্ট হ্যামকে এগিয়ে নেন বোয়েন।

চলতি আসরে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের গোল হলো ১৬টি, প্রিমিয়ার লিগে এক মৌসুমে ওয়েস্ট হ্যামের হয়ে যা যৌথভাবে সর্বোচ্চ। ১৯৯৯-২০০০ মৌসুমে রেকর্ডটি গড়েছিলেন পাওলো দি কানিও।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে সমতায় ফেরে লিভারপুল। দিয়াসের পাস বক্সে জটলার ভেতর পেয়ে শট নেন রবার্টসন। বল গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লেগে জালে জড়ায়।

৬৫তম মিনিটে সৌভাগ্যের গোলে এগিয়ে যায় ক্লপের দল। বক্সে কোডি হাকপোর শট ওয়েস্ট হ্যামের দুই আউটফিল্ড খেলোয়াড়ের গায়ে লেগে গোলরক্ষককে ছুঁয়ে জালে জড়ায়।

লিভারপুলের এগিয়ে যাওয়ার স্বস্তি উবে যায় ৭৭তম মিনিটে। বোয়েনের ক্রসে হেডে সমতা টানেন আন্তোনিও।

শেষ ১০ মিনিটের জন্য মোহামেদ সালাহ ও দারউইন নুনেসকে বদলি নামান ক্লপ। তবে কিছু করে দেখাতে পারেননি এই দুজন। শেষ দিকে এলিয়টের একটি প্রচেষ্টা ক্রসবারে লাগে।

৩৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে আটে আছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।