২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলিতাওয়ের চোট নিয়ে শঙ্কায় রেয়াল মাদ্রিদ কোচ

লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচেই চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন রেয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

মিলিতাওয়ের চোট নিয়ে শঙ্কায় রেয়াল মাদ্রিদ কোচ

চোখের জলে মাঠ ছাড়ছেন মিলিতাও, তাকে সান্ত্বনা দিচ্ছেন বেলিংহ্যাম। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2023, 01:57 PM

Updated : 13 Aug 2023, 01:58 PM

ফিজিওর কাঁধে ভর দিয়ে যখন চোখে জল নিয়ে মাঠ ছাড়েন কোনো ফুটবলার, বড় শঙ্কার ছবিই তাতে ফুটে ওঠে। এদের মিলিতাওকে নিয়ে এখন তেমনই দুর্ভাবনায় কার্লো আনচেলত্তি। এই ডিফেন্ডারের চোট কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি। তবে রেয়াল মাদ্রিদ কোচ এটুকু জানালেন, খালি চোখে চোটের অবস্থা তার কাছে খুব ভালো ঠেকছে না।

এমনিতেই চোটের কারণে গোলকিপার থিবো কোর্তোয়াকে লম্বা সময়ের জন্য হারিয়ে ফেলেছে রেয়াল। এর মধ্যেই লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচেই যোগ হলো মিলিতাওয়ের চোট। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে শনিবার দ্বিতীয়ার্ধের শুরু দিকে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

ম্যাচটিতে ২-০ ব্যবধানের জয়ে মৌসুম শুরু করে রেয়াল। কিন্তু সেই স্বস্তির পাশে যোগ হয়েছে মিলিতাওয়ের চোটের অস্বস্তি। ম্যাচের পর কোচ লুকালেন না তার দুর্ভাবনার জায়গাটি।

“হাঁটু মচকে গেছে বলে মনে হচ্ছে। দেখে খুব ভালো মনে হচ্ছে না। আগামী কয়েক ঘণ্টায় আরও ভালোভাবে বোঝা যাবে পরীক্ষা করে। আশা করছি গুরুতর কিছু হবে না। তবে আমরা শঙ্কিত এবং কোনো কিছুই উড়িয়ে দিচ্ছি না এখনই।”

বিলবাওয়ের মাঠে এই ম্যাচে ২৮তম মিনিটে গোল করে রেয়ালকে এগিয়ে নেন রদ্রিগো। ৮ মিনিট পর দর্শনীয় এক গোল করেন জুড বেলিংহ্যাম। লা লিগায় অভিষেকে দারুণ পারফরম্যান্সে ম্যাচের সেরাও হন ২০ বছর বয়সী এই ইংলিশ তারকা।