বিজয়যাত্রায় চোট পেয়ে ঋতুপর্ণার মাথায় তিন সেলাই
ছাদখোলা বাসে শোভাযাত্রার সময় মাথায় আঘাত পেলেন বাংলাদেশ নারী দলের এই ফুটবলার।
আনন্দযাত্রার পথেই একটু বিষাদের ছোঁয়া। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাওয়ার পথে মাথায় আঘাত পেয়েছেন বাংলাদেশ দলের ফুটবলার ঋতুপর্ণ চাকমা। তিনটি সেলাই পড়েছে এই মিডফিল্ডারের মাথায়। তবে আপাতত তিনি ভালো আছেন বলে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।
ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাওয়ার সময় একটি ফ্লাইওভারে ওপরে বিলবোর্ডের সঙ্গে খোঁচা লাগে ঋতুপর্ণার। কেটে গিয়ে রক্ত ঝরতে থাকে তার কপাল থেকে। দলীয় চিকিৎসক তখনই তাকে পরীক্ষা করে দেখে পরামর্শ দেন হাসপাতালে নেওয়ার।
তখনই বাস থামিয়ে অ্যাম্বুলেন্সে করে তাকে সিএমএইচে নেওয়া হয়। সেলাই লাগে তিনটি।
তবে হাসপাতালে আটকে রাখা যায়নি তাকে। খানিকটা ধাতস্থ হয়েই তিনি ছুটে যান শিরোপা জয়ের উৎসবে সামিল হতে। যোগ দেন বাফুফেতে সতীর্থদের সঙ্গে আনন্দ আয়োজনে।
নেপালে নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ দল দেশে ফেরে বুধবার দুপুর দুইটার একটু আগে। বিমানবন্দরে তাদেরকে বরণ করে নেওয়া হয় নানা আনুষ্ঠানিকতায়। এরপর ছাদখোলা বাসে করে শহর প্রদক্ষিণ করে তারা পৌঁছান বাফুফে ভবনে।
