২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পেনাল্টি পাওয়া উচিত ছিল লিভারপুলের’, মনে করেন আর্সেনালের সালিবা

ইংল্যান্ডের পেশাদার ফুটবলে রেফারিদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান পিজিএমওএল অবশ্য পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে।

‘পেনাল্টি পাওয়া উচিত ছিল লিভারপুলের’, মনে করেন আর্সেনালের সালিবা

ডি-বক্সে আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগোরের হাতে বল লাগার মুহূর্ত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2023, 07:31 PM

Updated : 24 Dec 2023, 07:48 PM

পেনাল্টি না পাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। আর্সেনাল কোচ মিকেল আর্তেতা অবশ্য বিষয়টি নিয়ে ওঠা প্রশ্ন এড়িয়ে গেছেন। কিন্তু এই বিতর্কের উনুনে ঘি ঢেলেছেন আর্সেনালেরই উইলিয়াম সালিবা। ফরাসি এই ডিফেন্ডার মনে করেন, লিভারপুলের পেনাল্টি প্রাপ্য ছিল!

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার অ্যানফিল্ডে লিভারপুল-আর্সেনাল হাইভোল্টেজ ম্যাচটি ১-১ ড্র হয় । গাব্রিয়েলের গোলে পিছিয়ে পড়া লিভারপুলকে ২৯তম মিনিটে সমতায় ফেরান মোহামেদ সালাহ।

ম্যাচের ১৯তম মিনিটে বক্সের ভেতরে সালাহর শটে বল লাগে মার্টিন ওডেগোরের হাতে। লিভারপুলের খেলোয়াড়েরা আবেদন করলেও সাড়া দেননি রেফারি। হাতের ইশারায় খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

এমনকি ভিএআরের দায়িত্বে থাকা ম্যাচ অফিসিয়ালও আরেকবার বিষয়টি খতিয়ে দেখার জন্য রেফারিকে কোনো নির্দেশনা দেননি। ম্যাচ শেষে ক্লপ তাই ধুয়ে দেন ভিএআর-এর অফিসিয়াল ডেভিড কুটেকে।

এই ইস্যুতেই প্রশ্নের মুখোমুখি হন সালিবা। আর্সেনালের এই ডিফেন্ডার স্মিত হেসে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ-সূচক উত্তর দেন।

“হ্যাঁ, অবশ্যই। এটা পেনাল্টি ছিল, কিন্তু আমি রেফারি নই এবং তাদেরকে এটা মেনে নিতে হবে।”

ইংল্যান্ডের পেশাদার ফুটবলে রেফারিদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান পিজিএমওএল অবশ্য পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে। স্কাই স্পোর্টসকে তারা ওডেগোরের হাতে বল লাগার ওই মুহূর্ত এবং পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে দাবি করেছে পেনাল্টি ছিল না।

সেখানে বলা হয়েছে, পিছলে পড়ে যাওয়ার সময় ওডেগোরের বাহু তার শরীরের দিকেই ছিল, বলের দিকে ছিল না। এ কারণেই পেনাল্টির সিদ্ধান্ত দেননি রেফারি।