২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেডকে আগেই সতর্ক করেছিলেন মরিনিয়ো

কিছু খেলোয়াড় ও কর্মী ক্লাবের উন্নতির পথে অন্তরায় বলে মত পর্তুগিজ কোচের।

ইউনাইটেডকে আগেই সতর্ক করেছিলেন মরিনিয়ো

জোসে মরিনিয়ো

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 10:04 PM

Updated : 18 Dec 2023, 10:13 PM

চলতি মৌসুমে কোনো প্রতিযোগিতাতেই ছন্দে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে এসেছে কোচ এরিক টেন হাগ ও খেলোয়াড়দের মধ্যে দূরত্বের খবর। জোসে মরিনিয়ো জানিয়েছেন, আগেই এমন কিছুর আভাস পেয়েছিলেন তিনি। ম্যানচেস্টারের দলটির সাবেক কোচ বলেছেন, কিছু খেলোয়াড় ও কর্মীর ব্যাপারে ইউনাইটেডকে তিনি সতর্কও করেছিলেন।

২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইউনাইটেডের ডাগআউটে ছিলেন মরিনিয়ো৷ তার হাত ধরে ইউরোপা লিগ ও লিগ কাপ জিতেছিল ক্লাবটি। ২০১৭-১৮ মৌসুমে প্রিমিয়ার লিগে হয়েছিল দ্বিতীয়।

মরিনিয়োর বিদায়ের পর লম্বা বিরতি দিয়ে ২০২২-২৩ মৌসুমে নিজেদের প্রথম শিরোপার (লিগ কাপ) স্বাদ পায় ইউনাইটেড। প্রথম মৌসুমে টেন হাগ আভাস দিচ্ছিলেন দারুণ কিছুর। কিন্তু এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়া দলটি লিগেও নেই সুবিধাজনক অবস্থায় (সপ্তম)।

সাম্প্রতিক সময়ে কয়েকটি সংবাদমাধ্যমে আসে যে, কিছু বিষয় নিয়ে খেলোয়াড়দের সাথে টেন হাগের দ্বন্দ্ব চলছে। তবে বিষয়টি উড়িয়ে দেন এই ডাচ কোচ৷ তবে পারফরম্যান্স বলছে, হয়তো সবকিছু ঠিকঠাক নেই ক্লাবের ভেতরে।

সম্প্রতি সাবেক চেলসি মিডফিল্ডার জন ওবি মিকেলের ‘ওবি ওয়ান পডকাস্টে’ মরিনিয়োও এই বিষয়টি তুলে ধরেছেন। বর্তমান রোমা কোচ মনে করেন, ইউনাইটেডে এমন কিছু ব্যক্তি আছেন, যাদের উপস্থিতিতে ক্লাবের পক্ষে ভালো করা সম্ভব নয়।

“এখনও সেই ক্লাবে (ইউনাইটেডে) লোকগুলো রয়েছে, আর আমি যখন তাদের কথা বলি, তখন আমি কিছু খেলোয়াড়কে বোঝাতে চাই। তবে খেলোয়াড় ছাড়া আরও কিছু লোক আছে, যারা এখনও সেখানে আছে। (দায়িত্ব নেওয়ার) দুই মাস পর আমি ইউনাইটেডকে বলেছিলাম, ‘এই লোকদের নিয়ে আপনারা কখনই সফল হতে পারবেন না।’ আর তারা এখনও সেখানে আছে।”

খেলোয়াড়দের পাশাপাশি তাদের এজেন্টরাও মরিনিয়োর জন্য সমস্যার কারণ হয়েছিলেন বলে উল্লেখ করেছেন সাবেক রেয়াল মাদ্রিদ কোচ।

“ম্যানচেস্টার ইউনাইটেডে আমি একবার বিরতির সময় একজন খেলোয়াড়কে উঠিয়ে নিয়েছিলাম… সেই সময় তার এজেন্ট আমার বিরুদ্ধে অপদস্থ করার অভিযোগ এনেছিল।”

 “আমাকে পরিবর্তন আনতে হয়েছিল। আমার এই ঘটনাগুলো মনে আছে এবং আমি ওই সময়গুলো নিয়ে হাসি, কিন্তু এটা ভিন্ন সময়।”

২০২১-২২ মৌসুম থেকে রোমার দায়িত্বে আছেন মরিনিয়ো। তার কোচিংয়ে প্রথম মৌসুমেই উয়েফা কনফারেন্স লিগ জেতে। গত মৌসুমে ইউরোপা লিগে হয় রানার্সআপ। চলতি মৌসুমে সেরি আয় ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ইতালিয়ান ক্লাবটি।