মায়ামিতে পৌঁছে মেসি বললেন, ‘আমি বদলাব না’
যুক্তরাষ্ট্রের ফুটবলেও নিজের সর্বোচ্চটা ঢেলে দেওয়ার প্রত্যয় জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা।
আগেও অনেকবার মায়ামিতে এসেছেন লিওনেল মেসি। এই শহরে তার বাড়িও আছে। তবে এবারের আসা অন্যরকম। এখন তিনি স্রেফ অতিথি নন, এবার অবসর কাটাতেও আসেননি। এই শহরকেই তিনি এখন আপন করে নিয়েছেন, এই শহরের ক্লাবই তার বর্তমান ঠিকানা। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের এবারের আগমণ পেশার টানে। গত দেড় যুগের বেশি সময় ধরে তার মধ্যে যে পেশাদারিত্ব দেখে আসছে ফুটবলবিশ্ব, ইন্টার মায়ামিতেও তা সবটুকু মেলে ধরতে চান এই মহাতারকা।
পিএসজি থেকে বিদায়ের পর পরিবারসহ এতদিন ছুটি কাটাচ্ছিলেন মেসি। মঙ্গলবার তিনি পরিবার নিয়েই পা রাখেন মায়ামিতে। নিজেদের মাঠ ফোর্ট লডারডেইলের ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আগামী রোববার বিশেষ একটি আয়োজনে সাতবারের ব্যালন দ’র বিজয়ীকে বরণ করে নেবে ইন্টার মায়ামি।
ইউরোপের ফুটবলে ১৯ বছর দাপিয়ে অবিশ্বাস্য সব কীর্তি ও রেকর্ডের পর রেকর্ড গড়ে, আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ের পর, বর্ণাঢ্য ক্যারিয়ারে ব্যক্তিগত ও দলীয় সম্ভাব্য সব অর্জন ধরা দেওয়ার পর নিজেকে নতুন করে অনুপ্রাণিত করা কঠিন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফুটবলে, যেখানে চ্যালেঞ্জ অনেক কম, পারিপার্শ্বিকতা ভিন্ন। তারকা ফুটবলাররা তো এখানে আসেন মূলত ক্যারিয়ারের গোধূলিতে।
তবে মেসির দৃষ্টিভঙ্গি এখানে ভিন্ন। ক্যারিয়ারের নতুন অধ্যায়েও আগের মতোই তাড়না নিয়ে মাঠে নামবেন, মঙ্গলবার আর্জেন্টিনার একটি টিভি চ্যানেলকে বললেন ৩৬ বছর বয়সী মহাতারকা।
“আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, তা নিয়ে আমি খুশি। নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে আমি প্রস্তুত ও মুখিয়ে আছি।”
“এখানেও আমি বদলাব না। আমার মানসিকতা ও ভাবনা একটুও বদলাবে না। আমি যেমনই হই না কেন, অবশ্যই চেষ্টা করব নিজের জন্য ও ক্লাবের জন্য আমার সবটুকু ঢেলে দিতে এবং সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করে যেতে।”
ইন্টার মায়ামি বিবৃতিতে জানায়, মেসিকে বরণ করে নেওয়ার রাতে স্টেডিয়ামের দর্শকদের জন্য বিনোদনের নানা আয়োজন থাকবে। ক্লাবের মৌসুমি টিকিটধারীদের জন্য এই আয়োজন থাকবে উন্মুক্ত।
ইন্টার মায়ামিতে মেসি সতীর্থ হিসেবে পাচ্ছেন বার্সেলোনায় অনেক লড়াইয়ের ঘনিষ্ঠ সঙ্গী সের্হিও বুসকেতস ও কোচ হিসেবে পাচ্ছেন বার্সেলোনা ও আর্জেন্টিনার সাবেক কোচ জেরোর্দো মার্তিনোকে।
নতুন ক্লাবের হয়ে মেসি প্রথম মাঠে নামতে পারেন আগামী ২১ জুলাই, লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব ক্রুস আসুলের বিপক্ষে।
