০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

ঘটনাবহুল ম‍্যাচে গেতাফে-বার্সার ড্র

গেতাফের মাঠে টানা চতুর্থ ম‍্যাচে গোল করতে ব‍্যর্থ হল স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2023, 03:50 AM

Updated : 14 Aug 2023, 04:29 AM

প্রথমার্ধের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতে একজনকে হারাল গেতাফে। উত্তেজনা ছড়ানো ম‍্যাচে লাল কার্ড দেখলেন বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেসও। বারবার ফাউলে বাধাগ্রস্ত হলো খেলার স্বাভাবিক গতি। এর মধ‍্যেও অসংখ‍্য সুযোগ তৈরি করল কাতালান ক্লাবটি। কিন্তু ফরোয়ার্ডদের ব‍্যর্থতায় মিলল না কোনো গোল। তাতে গেতাফের মাঠে বার্সেলোনার দুঃসময় প্রলম্বিত হলো।

লা লিগা শিরোপা ধরে রাখার অভিযানে বার্সেলোনার শুরুটা হলো গোলশূন‍্য ড্র দিয়ে। গেতাফের মাঠে টানা চার ম‍্যাচে গোল করতে ব‍্যর্থ হলো তারা।

চতুর্থ মিনিটে প্রথম ভালো সুযোগ স্বাগতিক গেতাফেই পায়। সামনে ছিলেন কেবল বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। জুল কুন্দের চ‍্যালেঞ্জের মুখে ঠিক মতো শটই নিতে পারেননি হুয়ানমি লাতাসা।

ষোড়শ মিনিটে গোলের জন‍্য প্রথম শট নিতে পারে বার্সেলোনা। রাফিনিয়ার চমৎকার ফ্রি কিক কোনোমতে ঝাঁপিয়ে ঠেকান গেতাফে গোলরক্ষক দাভিদ সোরিয়া। আলগা বলে সুযোগ নিতে পারেননি সফরকারীদের কেউ।

১০ মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে আড়াআড়ি শটে চেষ্টা করেন ওরিওল রোমেউ। একটুর জন‍্য লক্ষ‍্যে থাকেনি তার শট। বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে।

৩০তম মিনিটে দারুণ সুযোগ পেয়ে যান হুয়ান ইগলেসিয়াস। কিন্তু পার করতে পারেননি সতর্ক টের স্টেগেনকে। ছয় মিনিট পর গোলরক্ষককে একা পান রাফিনিয়া। তার শট সোরিয়ার হাঁটুতে লেগে স্তেফান মিত্রোভিচের পা ছুঁয়ে পোস্টে লেগে বেরিয়ে যায়।

৪৩তম মিনিটে বড় ধাক্কাটা খায় বার্সেলোনা। গাস্তন আলভারেসকে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখেন রাফিনিয়া।

এতক্ষণ নিজেদের অর্ধে পড়ে থাকা গেতাফে প্রথমার্ধের যোগ করা ১০ মিনিটে একটু আক্রমণাত্মক খেলার চেষ্টা করে। এক জন কম নিয়ে খেললেও তাদের চেপে ধরতে দেয়নি বার্সেলোনা।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল তারা। রোনাল্দ আরাউহোর ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দিচ্ছিলেন মিত্রোভিচ। সময় মতো সরে গিয়ে রক্ষা করেন গোলরক্ষক।

বিরতির সময় আন্দ্রেয়াস ক্রিস্তেনসেনের জায়গায় ইজি আব্দেকে নামান শাভি। তরুণ ফরোয়ার্ডই পান দ্বিতীয়ার্ধের প্রথম সুযোগ। তবে খুব কাছে থেকেও ভলি লক্ষ‍্যে রাখতে পারেননি তিনি।

৫৭তম মিনিটে গেতাফেও ১০ জনের দলে পরিণত হয়। আরাউহোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন হাইমে মাতা। ৫ মিনিট পর গোললাইন থেকে রবের্ত লেভানদোভস্কির হেড ফিরিয়ে সমতা ধরে রাখেন আলভারেস। 

উত্তেজনা ছড়ানো ম‍্যাচে ৭০তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনা কোচ শাভি। পাঁচ মিনিট পর খুব কাছ থেকে পাশের জালে মেরে সুযোগ নষ্ট করেন আব্দে।

এর পরপরই মাঠে নামেন ১৬ বছর বয়সী লামিন ইয়ামাল। তার কাছ থেকে বল পেয়ে জালের দেখা প্রায় পেয়েই যাচ্ছিলেন আনসু ফাতি। একটুর জন‍্য শট লক্ষ‍্যে রাখতে পারেননি তরুণ এই ফরোয়ার্ড।  

সুযোগ আসে পরেও। কিন্তু কোনোটিই কাজে লাগাতে পারেননি ফাতি, লেভানদোভস্কিরা।