২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কান্নার অঙ্গভঙ্গির জন্য লাল কার্ড দেখে বিস্মিত মরিনিয়ো

সেরি আ’র ম্যাচে মুনসার বিপক্ষে এই কাণ্ড ঘটান রোমার কোচ।

কান্নার অঙ্গভঙ্গির জন্য লাল কার্ড দেখে বিস্মিত মরিনিয়ো

রোমার কোচ জোসে মরিনিয়োর ওই কাণ্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2023, 06:16 PM

Updated : 23 Oct 2023, 06:24 PM

নানা রকম সব কাণ্ডে জুড়ি মেলা ভার জোসে মরিনিয়োর। এবার সেরি আ’র ম্যাচে প্রতিপক্ষ মুনসার কোচিং স্টাফদের লক্ষ্য করে কান্নার অঙ্গভঙ্গি করার জন্য লাল কার্ড দেখেছেন রোমার কোচ। তবে এভাবে বহিষ্কার হওয়াটা মানতে পারছেন না তিনি।

ঘরের মাঠে রোববারের এই ম্যাচে প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয় মুনসা। ৯০তম মিনিটে স্তেফান এল শারাউইয়ের গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রোমা।

শারাউইয়ের ওই গোলের পরপরই প্রতিপক্ষের বেঞ্চের দিকে তাকিয়ে মরিনিয়ো হাত দিয়ে ইঙ্গিত করেন যে, তারা খুব বেশি কথা বলে। এরপর মুষ্টিবদ্ধ হাত চোখের সামনে নিয়ে কান্নার ভঙ্গি করেন তিনি। এই ঘটনায় তাকে লাল কার্ড দেখান রেফারি।

ম্যাচের পর ৬০ বছর বয়সী পর্তুগিজ কোচ বলেন, লাল কার্ড দেখার কারণ বুঝতে পারছেন না তিনি।

"জানি না কেন লাল কার্ড পেলাম, আমি শুধু বেঞ্চের দিকে একটি অঙ্গভঙ্গি করেছি, কোনো কিছু বলিনি।”

“মুনসার বেঞ্চ রেফারির ওপর অনেক চাপ দিচ্ছিল, তাদের এমন আচরণ করা উচিত হয়নি।”

এই কার্ডের খাঁড়ায় রোমার পরের লিগ ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে টাচলাইনে থাকতে পারবেন না মরিনিয়ো।

খ্যাপাটে চরিত্রের কোচ হিসেবে পরিচিত মরিনিয়ো রোমায় গত মৌসুমে তিনবার লাল কার্ড দেখেছিলেন। 

চলতি মৌসুমে বাজে শুরুর পর টানা তিন জয়ে লিগ টেবিলে এখন সপ্তম স্থানে আছে রোমা।