মেসির বিশ্বাস, ইউরোপের লিগগুলোকে ছুঁতে পারবে যুক্তরাষ্ট্রের লিগ
যুক্তরাষ্ট্রের ক্লাবগুলোর খেলার মান নিয়ে উচ্ছ্বসিত আর্জেন্টাইন জাদুকর, মেজর লিগ সকারের আরও এগিয়ে যাওয়ার আদর্শ সুযোগ মনে করেন তিনি এখনই।
যুক্তরাষ্টের ফুটবলের মান এখনও ইউরোপের শীর্ষ লিগগুলোর মতো নয় অবশ্যই। তবে খুব বেশি পিছিয়ে আছে বলেও মনে করেন না লিওনেল মেসি। তার মতে, মেজর লিগ সকারের (এমএলএস) এগিয়ে যাওয়ার আদর্শ সময় এখনই। সেখানে অবশ্য নিজের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন না আর্জেন্টাইন জাদুকর। তার মতে, এই লিগের আরও বড় হয়ে ওঠার পথে ভূমিকা রাখতে হবে লিগ কর্তৃপক্ষকেই।
পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর এই প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হন মেসি। কথা বলেন তার নতুন ক্লাব, যুক্তরাষ্ট্রের ফুটবলের সার্বিক মান ও সম্ভাবনা এবং সামনে কৃত্রিম টার্ফে খেলাসহ আরও অনেক কিছু নিয়ে।
এমএসএলে অবশ্য এখনও অভিষেক হয়নি মেসির। লিগস কাপে তার হাত ধরেই ইন্টার মায়ামি দুর্দান্ত খেলে পৌঁছে গেছে ফাইনালে। ৬ ম্যাচে ৯ গোল করেছেন মেসি, গোলে সহায়তা করেছেন আরও ৩টি। লিগস কাপে দল ছুটতে থাকায় পিছিয়ে গেছে লিগে তার অভিষেকও। লিগস কাপের ফাইনালে শনিবার রাতে ন্যাশভিল এসসির মুখোমুখি হবে মেসির মায়ামি।
মেক্সিকোর লিগা এমএক্স ও যুক্তরাষ্ট্রের এমএলএসের ক্লাবগুলিকে নিয়ে আয়োজিত হয় এই লিগস কাপ। এবার ৪৭ দলের আসরে ফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্রেরই দুই দল। সেমি-ফাইনালের ৪ দলের ৩টি এবং কোয়ার্টার-ফাইনালের ৮ দলের মধ্যেই ৬টিই ছিল যুক্তরাষ্ট্রের।
‘স্পোর্টসসেন্টার আর্জেন্টিনা’-এর সঙ্গে সাক্ষাৎকারে মেসি বললেন, যুক্তরাষ্ট্রের সব ক্লাব এখন মেক্সিকোর ক্লাবগুলোর সঙ্গে চোখে চোখ রেখে লড়তে পারে।
“এমএসএলের দলগুলি লিগা এমএক্সের প্রতিটি ক্লাবের সঙ্গে সমান তালে লড়তে পারে। এবারের লিগস কাপেই তা ফুটে উঠেছে। মেক্সিকোর কোনো ক্লাব ফাইনালে আসতে পারেনি। অনেক কিছু নিয়েই প্রশ্ন তুলতে পারেন। কিন্তু বাস্তবতা হলো, প্রতিটি ম্যাচই ছিল প্রায় সমানে সমান, তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। যে কোনো দল যে কাউকে হারাতে পারত।”
“আমার মনে হয়, এমএলএসেও ব্যপারটি একইরকম, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ, যেখানে যে কোনো দল যে কাউকে হারাতে পারে। ঘরের মাঠে ক্লাবগুলি এখানে দারুণ শক্তিশালি, প্রতিপক্ষের মাঠে জেতা খুব কঠিন। লিগে আমার প্রথম ম্যাচের পর তা আরও ভালোভাবে জানতে পারব।”
পরে ইএসপিএন-এর মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলের সম্ভাবনার কথা বলেন মেসি। আগামী বছর কোপা আমেরিকা আসর বসবে এই দেশে, ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজকও তারা। বিশ্বকাপজয়ী তারকার মতে, এই দেশের ফুটবলের এগিয়ে যাওয়ার বড় সুযোগ এখনই।
“আমার মনে হয়, সব সম্ভাবনাই আছে (এমএসএল ছুঁতে পারে ইউরোপের লিগগুলোকে)… আসলে বেড়ে ওঠা অনেকটা নির্ভর করে লিগের ওপর। এখনই বেড়ে ওঠার আদর্শ সময়। সামনে দারুণ গুরুত্বপূর্ণ সব আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করবে এই দেশ।”
“এখনই সুযোগ এই লিগের এগিয়ে যাওয়ার এবং বেড়ে ওঠার। অনেক দিন ধরেই যে উচ্চতায় তারা পৌঁছতে চায়, সেটি করার সুযোগ এখনই। শীর্ষ মানের ফুটবলের জন্য সব সম্ভাবনাই এখন এখানে আছে… এখানকার ফুটবল (মান), অবকাঠামো এবং আরও অনেক কিছু।”
সত্তরের দশকের মাঝামাঝি ফুটবলের রাজা পেলের হাত ধরে জাগরণ হয়েছিল যুক্তরাষ্ট্রের ফুটবলের। পরে ডেভিড বেকহ্যামকে ঘিরে আবার বেশ উন্মাদনা দেখা গিয়েছিল। এবার মেসি যুক্তরাষ্ট্রের ফুটবলে পা রাখার পর নতুন করে যেন জেগে উঠেছে এখানকার ফুটবল। মেসির ম্যাচে গ্যালারি পরিপূর্ণ থাকছে নিয়মিতই। টিকেটের সর্বনিম্ন দামও এত বেশি, যা কিছুদিন আগে ছিল অকল্পনীয়।
তবে যুক্তরাষ্ট্রের ফুটবলের এগিয়ে চলায় নিজের ভূমিকা খুব একটা দেখেন না আর্জেন্টাইন মহাতারকা।
“আমার মনে হয়, যুক্তরাষ্ট্রের ফুটবল গত কয়েক বছরে এমিনতেই বেশ এগিয়েছে। যুক্তরাষ্ট্র জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সেই তা প্রমাণ হয়। বিশ্বকাপেও তারা দারুণ খেলেছে, তুমুল লড়াই করেছে। সব দলের সঙ্গেই নিজেদের জাত চিনিয়েছে তারা। আমার মনে হয়, মেক্সিকোর ফুটবলের খুব কাছাকাছি চলে আসছে যুক্তরাষ্ট্রের ফুটবল।”
লিগস কাপে এখন শিরোপা জয়ের অপেক্ষায় মেসির দল। টুর্নামেন্টে তাদের প্রাথমিক লক্ষ্য ছিল সেরা তিনে থেকে পরের বছরের কনকাক্যাফ চ্যাম্পিয়নন্স কাপ নিশ্চিত করা। তারা ছাড়িয়ে গেছেন প্রত্যাশাকেও। অনেকের জন্যই এটা বড় চমক। তবে মেসি বললেন, নতুন কোচ জেরার্দো মার্তিনোর কোচিংয়ে নতুনভাবে শুরুর পর এমন কিছুর প্রত্যাশাই তারা করছিলেন।
“(ট্রফি জিততে পারলে) এটা হবে অসাধারণ এক অর্জন, এই দলের সমর্থকদের জন্য, ক্লাবের জন্যও। যারা আমাদেরকে প্রতিদিন অনুশীলন করতে দেখেন না, তাদের জন্য অবশ্যই বড় চমক আমাদের ফাইনালে ওঠা। তবে আমরা এমন কিছুর জন্যই প্রস্তুতি নিয়েছি। কারণ আমরা জানি যে আমাদের সামর্থ্যটা আছে।”
“এই দলটা দারুণভাবে এগিয়ে যাচ্ছে, বিশেষ করে তাতা (মার্তিনো) আসার পর। আমরা আমাদের প্রথম লক্ষ্য পূরণ করতে পেরে দারুণ খুশি (কনকাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপে খেলা)। এখন আমরা ফাইনালে লড়ব (ট্রফির জন্য)।”
মেসি কথা বললেন আলোচিত আরেকটি বিষয় নিয়েও। লিগস কাপ শেষে লিগে আটলান্টা ইউনাইটেড ও শার্লট এমসির মাঠে খেলতে হবে মায়ামিকে। দুটি মাঠেই খেলা হয় কৃত্রিম টার্ফে। মেসি এই ঝুঁকি নেবেন কি না, তা নিয়ে বেশ আলোচনা চলছিল যুক্তরাষ্ট্রের ফুটবলে। এবার তা খোলাসা করলেন তিনি নিজেই।
“সত্যি বলতে, যুব পর্যায়ে পুরো সময়টাতেই আমি কৃত্রিম টার্ফে খেলেছি। ছোট থেকে এই ধরনের মাঠে খেলেছি। এটা ঠিক যে, সবশেষ এই ধরনের টার্ফে খেলার পর অনেক সময় পেরিয়ে গেছে। তবে আবার এখানে মানিয়ে নেওয়ার লড়াই করতে কোনো আপত্তি নেই আমার।”
