০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মেসির মতো আবেগঘন বিদায় রোনালদো না পাওয়ায় খারাপ লাগছে লিনেকারের

রোনালদোর বয়স, কোচের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন, এবং জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ায় সম্ভাব্য শাস্তি বিবেচনায় নিয়ে অনেকেই তার আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের শেষ দেখছেন।

মেসির মতো আবেগঘন বিদায় রোনালদো না পাওয়ায় খারাপ লাগছে লিনেকারের

ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 10:10 PM

Updated : 07 Oct 2026, 10:10 PM

জাতীয় দলকে এখনও বিদায় বলেননি ক্রিশ্চিয়ানো রোনালদো, বরং কয়েকদিনের টানাপোড়েনের পর দীর্ঘ বিবৃতিতে কোচের প্রতি উষ্মা প্রকাশ করে দেশের হয়ে খেলা চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি। তবে তার বয়স ও বর্তমান পরিস্থিতি বিবেচনায়, অনেকেই তার আন্তর্জাতিক ফুটবলের ক্যারিয়ারের শেষ ধরে নিচ্ছেন। ফুটবলের এক মহাতারকার এমন তিক্ততায় ভরা বিদায় পীড়া দিচ্ছে গ্যারি লিনেকারকে।

পর্তুগাল জাতীয় দলের প্রধান কোচ জর্জে জেসুসের বিরুদ্ধে ‘ওয়াদা ভঙ্গের’ অভিযোগ এনে মঙ্গলবার প্রায় দুই হাজার শব্দের বিবৃতি দেন রোনালদো। যেখানে কোচের প্রতি তার ক্ষোভ প্রকাশ পেয়েছে প্রবলভাবে। এর কয়েক ঘণ্টা পর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে বসে তাদের মহানায়ক লিওনেল মেসির বিদায় আয়োজন।

বর্ণাঢ্য আয়োজনে দেশের মাঠে জাতীয় দলের জার্সি গায়ে শেষবারের মতো মাঠে নামেন মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে একটি গোল করে ও দুটি করিয়ে আরও একবার নায়কের বেশেই মাঠ ছাড়েন তিনি। বিদায়বেলায় তার চোখ দিয়ে অশ্রু ঝরে, তাকে বিদায় জানাতে এসে কান্না করেন হাজারো ভক্ত।

গত দুই দশকের অধিকাংশ সময় ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় লড়াই ছিল এই দুই জনের। তাদের দলের পাশাপাশি ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা ফুটবলকে আরও মহিমান্বিত করে তোলে। তাই শেষবেলায় দুজনের ‘দুইরকম বিদায়’ মানতে পারছেন না লিনেকার।

আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড ১৪৬টি গোল করা রোনালদোর শেষটাও এমনই হওয়া উচিত ছিল বলেন করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।

আমার মতে, এটা দুঃখজনক কারণ অসাধারণ এক ক্যারিয়ার তার। আর পাঁচ-দশ বছর পর, কেউ এখনকার এই ঘটনা (কোচের সঙ্গে রোনালদোর সম্পর্কের তিক্ততা এবং তার দল ছেড়ে চলে যাওয়া) মনে রাখবে না। আমরা কেবল মনে রাখব, সে কতটা দুর্দান্ত খেলোয়াড় ছিল।

“কিন্তু মেসির বিদায়ী আয়োজনে দৃষ্টি রাখলে দেখবেন, সবকিছু কত সুন্দর ছিল। আমার মতে, ক্রিশ্চিয়ানোরও একইরকম প্রাপ্য।”

ক্যারিয়ারে রেকর্ড আটটি ব্যালন দ’র জিতেছেন মেসি, দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার রোনালদো। দেশকে দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জিতিয়েছেন মেসি। রোনালদো অবশ্য বিশ্বকাপ জিততে পারেননি, তবে তার নেতৃত্বেই প্রথম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে পর্তুগাল।

গত বিশ্বকাপের পর পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব নেন জর্জে জেসুস, এই কোচের হাত ধরেই আল নাসর গত মৌসুমে সৌদি প্রো লিগের শিরোপা জয়ের স্বাদ পান রোনালদো। জাতীয় দলেও এই পর্তুগিজের কোচিংয়ে রোনালদো প্রথম ম্যাচ স্বাভাবিকভাবেই কাটে।

যদিও ওয়েলসের বিপক্ষে ওই ম্যাচে একাধিক সহজ সুযোগ নষ্ট করেন রোনালদো। পরের ম্যাচে নরওয়ের বিপক্ষে শুরু থেকে বেঞ্চে ছিলেন তিনি, বিবৃতিতে তিনি নিজেও বলেছেন, শুরুতে এমন পরিকল্পনা ছিল। তবে আগের দিন কোচ নাকি নিজেই তাকে বলেন, ৩০ মিনিটের জন্য তার মাঠে নামতে হতে পারে। দ্বিতীয়ার্ধে তাকে ওয়ার্মআপও করতে দেখা যায়; কিন্তু শেষ পর্যন্ত আর মাঠে নামা হয়নি।

এতে অপমানবোধ করেন রোনালদো এবং পরে কোচের সঙ্গে আলোচনা শেষে তিনি কিছু শর্ত জুড়ে দেন। রোনালদোর দাবি, কোচ জেসুস কথা দিয়েও শর্ত পূরণ করেননি, আর তাই ডেনমার্ক ম্যাচের আগের দিন ক্যাম্প ছেড়ে চলে যান তিনি।

সবকিছু মিলে পরিস্থিতি নাজুক মোড় নিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে ৪২ বছর পূর্ণ হবে রোনালদোর। বয়সের ভার বইয়ে আবার তার শীর্ষ পর্যায়ে ফেরার সম্ভাবনা তাই অনেকেই কম দেখছেন।