২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে বাংলাদেশের আরেকটি হার

মেন’স ফাইভ-এ-সাইড হকিতে টানা তিন ম্যাচ হারল বাংলাদেশ দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2023, 10:03 PM

Updated : 30 Aug 2023, 10:03 PM

প্রথমার্ধেই ছয় গোল হজম করে পিছিয়ে পড়া বাংলাদেশ পারেনি ঘুরে দাঁড়াতে। মেন’স ফাইভ-এ-সাইড হকিতে আরেকটি বড় হারের হতাশায় ডুবেছে দল।

ওমানের সালালাহতে বুধবার মালয়েশিয়ার বিপক্ষে ১০-৫ গোলে হারে বাংলাদেশ। প্রথমার্ধে ৬-২ গোলে এগিয়ে থাকা মালয়েশিয়া প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে।

এ আসরে এখন পর্যন্ত জয়হীন বাংলাদেশ। এলিট পুলে খেলা তিন ম্যাচের সবগুলোতেই হেরেছে দল। ভারতের বিপক্ষে ১৫-১ গোলে বিধ্বস্ত হয়ে এই প্রতিযোগিতা শুরু করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায় ১৫-৬ ব্যবধানে।

বৃহস্পতিবার নিজেদের চতুর্থ ম্যাচে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। জয়খরা কাটাতে জাপান ম্যাচটি দলের জন্য ভালো সুযোগ। জাপান গত দুই ম্যাচে পাকিস্তানের কাছে ২৬-১ ও মালয়েশিয়ার বিপক্ষে ১৮-২ গোলে হেরেছে।

এবারের প্রতিযোগিতায় এলিট পুলে খেলছে ছয় দল-মালয়েশিয়া, পাকিস্তান, ভারত, ওমান, বাংলাদেশ ও জাপান।