২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোর্তোয়ার শূন্যতা পূরণে কেপা আরিসাবালাগাকে দলে টানল রেয়াল

ইউরোপের সফলতম ক্লাবটিতে ২০২৩-২৪ মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই স্প্যানিশ গোলরক্ষক।

কোর্তোয়ার শূন্যতা পূরণে কেপা আরিসাবালাগাকে দলে টানল রেয়াল

চেলসির জার্সিতে এমন দারুণ সব সেভ করে নজর কেড়েছেন কেপা আরিসাবালাগা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2023, 03:57 PM

Updated : 14 Aug 2023, 03:57 PM

দীর্ঘমেয়াদী চোটে থিবো কোর্তোয়াকে হারানোর পর নতুন গোলরক্ষক দলে টানল রেয়াল মাদ্রিদ। চেলসি থেকে ধারে ইউরোপের সফলতম ক্লাবটিতে যোগ দিলেন কেপা আরিসাবালাগা।

এক বিবৃতিতে সোমবার এই স্প্যানিয়ার্ডের ক্লাবে নাম লেখানোর খবর জানায় রেয়াল। ২০২৩-২৪ মৌসুমের পুরোটা রেয়ালের হয়ে খেলবেন কেপা।

গত বৃহস্পতিবার অনুশীলনের সময় চোট পান কোর্তোয়া। এরপর রেয়াল জানায়, বাম হাঁটুতে এই বেলজিয়ানের অস্ত্রোপচার করানো হবে। গণমাধ্যমের খবর, চলতি মৌসুমে আর মাঠে নাও ফেরা হতে পারে অভিজ্ঞ এই গোলরক্ষকের।

দলে ইউক্রেইনের গোলরক্ষক আন্দ্রি লুনিন থাকলেও নতুন একজনের খোঁজে ছিল রেয়াল। কেপার আগে আলোচনায় এসেছিল 'ফ্রি এজেন্ট' দাভিদ দে হেয়া ও সেভিয়ার ইয়াসিন বোনোর নামও। শেষ পর্যন্ত ২৮ বছর বয়সী কেপাকেই বেছে নিল মাদ্রিদের দলটি।

২০১৮ সালে আথলেতিক বিলবাও থেকে রেকর্ড ৭ কোটি ১০ লাখ পাউন্ডের বিনিময়ে চেলসিতে নাম লেখান কেপা। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক তিনিই। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যাচ খেলেছেন ১৬৩টি।

চেলসির জার্সিতে একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন কেপা।

লা লিগায় গত শনিবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করেছে রেয়াল। কার্লো আনচেলত্তির দলের ২-০ গোলে জয়ের ওই ম্যাচে গোলরক্ষকের দায়িত্ব সামলান সামলান লুনিন।

রেয়ালের পরবর্তী ম্যাচ আগামী শনিবার, লিগে আলমেরিয়ার বিপক্ষে ম্যাচে। এই লড়াই দিয়ে নতুন দলে অভিষেক হতে পারে কেপার।