২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্র্যাঞ্চাইজি হকিতে বরিশালকে মাটিতে নামাল কুমিল্লা

মালয়েশিয়ার কিম সুং ইয়বের হ্যাটট্রিকে মেট্রো এক্সপ্রেস বরিশালকে হারিয়েছে কুমিল্লা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2022, 09:44 PM

Updated : 03 Nov 2022, 11:16 PM

সঙ্গী ছিল টানা তিন ম্যাচ জয়ের আত্মবিশ্বাস। মেট্রো এক্সপ্রেস বরিশালের শুরুটাও হয় আশা জাগানিয়া, কিন্তু পরে খেই হারাল তারা। কিম সুং ইয়বের হ্যাটট্রিকে বরিশালকে প্রথম হারের তেতো স্বাদ দিল রূপায়ন সিটি কুমিল্লা।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার ৪-৩ গোলে জিতেছে কুমিল্লা। এ নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে চার ম্যাচে তৃতীয় জয় পেল তারা।

গোলশূন্য প্রথম কোয়ার্টারের পর দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ফজলে হাসান রাব্বী পেনাল্টি কর্নার থেকে এগিয়ে নেন বরিশালকে। তৃতীয় কোয়ার্টারে আখিমুল্লাহ ইশোকের ফিল্ড গোলে দ্বিগুণ হয় ব্যবধান।

এরপরই ঘুম ভাঙে কুমিল্লার। ৪২ থেকে ৪৮-এই ছয় মিনিটে তিনটি পেনাল্টি কর্নার কাজে লাগায় দলটি। তিনটি পিসি থেকে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূরণ করেন মালয়েশিয়ান খেলোয়াড় সুং ইয়ব।

৫৬তম মিনিটে আখিমুল্লাহর গোলে সমতায় ফিরে বরিশাল। কিন্তু তাদের সে স্বস্তি উবে যায় দুই মিনিট পরই। পিসি থেকে অধিনায়ক সোহানুর রহমান সবুজ ফের এগিয়ে নেন কুমিল্লাকে। বাকিটা সময়ে এই এক গোলের ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

হেরেই চলেছে খুলনা

ম্যাচে শুরুটা ভালো হলেও শেষটা ভালো হলো না সাইফ পাওয়ার গ্রুপ খুলনার। বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে ওয়ালটন ঢাকার কাছে ৫-২ গোলে হেরেছে তারা।

দ্বাদশ মিনিটে গুইদো বারিয়োসের গোলে এগিয়ে যায় খুলনা। পরের মিনিটেই ঢাকা সমতায় ফেরে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম লক্ষ্যভেদ করলে।

পঞ্চদশ মিনিটে মার্টিনের গোলে ফের এগিয়ে যায় খুলনা। এরপর এক এক করে চারটি গোল হজম করে টানা চতুর্থ হার নিয়ে মাঠ ছাড়ে তারা।