১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

‘৯৯ ভাগ সম্ভাবনা রেয়ালে আসবেন এমবাপে’, বললেন লা লিগা সভাপতি

স্প‍্যানিশ ফুটবলের স্বার্থে বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ডকে রেয়াল মাদ্রিদে দেখতে চান হাভিয়ের তেবাস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2024, 12:04 AM

Updated : 25 Feb 2024, 12:39 AM

কিলিয়ান এমবাপের নতুন ক্লাবের সম্ভাবনায় এগিয়ে রেয়াল মাদ্রিদ। গণমাধ‍্যমে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে ইউরোপের সফলতম ক্লাবটিরই নাম। রেয়াল ভক্তদের আশার পালে হাওয়া দিয়ে লা লিগা প্রধান হাভিয়ের তেবাস বলেছেন, ৯৯ ভাগ সম্ভাবনা এই গ্রীষ্মে সান্তিয়াগো বের্নাবেউয়ে আসবেন ফরাসি ফরোয়ার্ড।

আগামী জুনে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পিএসজি ছেড়ে দিতে চান এমবাপে। সুত্রের বরাতে ইএসপিএন গত সোমবার জানিয়েছিল, এমবাপে ও রেয়ালের মধ্যে আলোচনা চলছে। স্পেনের ক্লাবটি ইতিবাচক সিদ্ধান্ত আসার ব্যাপারে খুব আশাবাদী। এই আলোচনার মধ্যে ফরাসি পত্রিকা লেকিপের সঙ্গে আলাপচারিতায় তেবাস দিলেন সেটা সত‍্যি হওয়ার ইঙ্গিত।

“সে পিএসজি ছাড়ছে, এটা জেনে (আমার মনে হচ্ছে) রেয়াল মাদ্রিদের সঙ্গে এমবাপের চুক্তির ৯৯ শতাংশ সম্ভাবনা আছে। কিন্তু আমি জানি না, এরই মধ‍্যে সে চুক্তিটা সেরে ফেলেছে কিনা।”

সময়ের সেরা প্রতিভাদের একজন জুড বেলিংহ্যামকে এরই মধ্যে দলে ভিড়িয়েছে রেয়াল। ইংলিশ মিডফিল্ডারও বের্নাবেউয়ের দলটির জার্সিতে আলো ছড়িয়ে চলেছেন। এমবাপেও এলে লা লিগার আকর্ষণ, জৌলুস বাড়বে আরও। তাই স্প্যানিশ ফুটবলের স্বার্থে ফরাসি ফরোয়ার্ডকে রেয়ালে দেখতে চান তেবাস।

“এটা রেয়াল মাদ্রিদ এবং স্প্যানিশ ফুটবলের জন্য দারুণ খবর। বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন এমবাপে। আমার মতে জুড বেলিংহ্যাম, আর্লিং হলান্ড এবং এমবাপে- তিন জন এই গ্রহের সবচেয়ে আধিপত্য করা খেলোয়াড় এবং (এমবাপে এলে) দুজন হবে রেয়াল মাদ্রিদের।”

নানা ইস্যুতে রেয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের সঙ্গে অবশ্য তেবাসের সম্পর্ক তেমন ভালো নয়। বিশেষ করে পেরেস বিতর্কিত ইউরোপিয়ান সুপার লিগের পক্ষ নেওয়ায় এবং লা লিগার সম্প্রচার স্বত্ব নিয়ে কথা বলায় দুজনের মধ্যে আছে টানাপোড়েন।

তবে আর্থিক ব্যবস্থা সামলানোর ক্ষেত্রে পেরেসের দক্ষতার প্রশংসা করেছেন তেবাস। এই প্রশংসাকে মনে করা হচ্ছে, মোটা অঙ্কের বিনিময়ে এমবাপেকে দলের টানার ক্ষেত্রে রেয়াল সুবিধাজনক অবস্থানেই আছে।

“আর্থিক পরিস্থিতির বিবেচনায় রেয়াল মাদ্রিদ সর্বোত্তম পর্যায়ে থাকা দল। তাদের সভাপতি (পেরেস) এবং ডিরেক্টর জেনারেল (হোসে আনহেল সানচেস) খুবই ভালো ম্যানেজার। যদিও তারা খুবই বাজে, যখন তারা নতুন প্রতিযোগিতা আয়োজন করতে চায়।”

“এ মুহূর্তে, রেয়ালের আর্থিক অবস্থা খুবই ভালো এবং তারা যতটা ব্যয় করে, তার চেয়ে অনেক বেশি ব্যয় করতে সক্ষম। মাদ্রিদ আর্থিকভাবে খুবই বিচক্ষণ; এমবাপের সঙ্গে চুক্তি করার প্রস্তুতি নিচ্ছে...এমবাপের সঙ্গে চুক্তি করতে তাদের কোনো খেলোয়াড়কে বিক্রি করতে হবে না।”

অনেক দিন ধরে এমবাপেকে সান্তিয়াগো বের্নাবেউয়ে নিয়ে আসার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে রেয়াল। ২০২২ সালে চুক্তির খুব কাছাকাছি পৌঁছেও গিয়েছিল দলটি। কিন্তু শেষ মুহূর্তে চুক্তি নবায়ন করে পিএসজিতে থেকে যান ফরাসি ফরোয়ার্ড।