ইতালিয়ান সুপার কাপ জয়ের রেকর্ড গড়ে ইনজাগি বললেন, ‘দৃষ্টি ছিল উঁচুতে’
কোচ হিসেবে পাঁচবার এই ট্রফি জিতলেন ইন্টার মিলানের সিমোনে ইনজাগি।
যোগ করা সময়ে গোল মুখে পাওয়া বল সহজেই জালে জড়ালেন লাউতারো মার্তিনেস। ১০ জনের দল নিয়েও দারুণ লড়াই করা নাপোলিকে হারিয়ে ইন্টার মিলান জিতে নিল ইতালিয়ান সুপার কাপের শিরোপা। কোচ হিসেবে রেকর্ড পাঁচবার এই ট্রফি জিতলেন ইন্টার কোচ সিমোনে ইনজাগি।
ট্রফিটি তিনি ইন্টার মিলানের হয়ে জিতলেন তিনবার। এর আগে লাৎসিওর কোচ হিসেবে জিতেছিলেন দুইবার।
সেরি আর ও ইতালিয়ান কাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ মিলিয়ে চার দল নিয়ে এই প্রথম মাঠে গড়াল ইতালিয়ান সুপার কাপ। সৌদি আরবের আল-আওয়াল স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত হয় ফাইনাল।
৬০তম মিনিটে জিওভান্নি সিমিওনে দ্বিতীয় হলুদ কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় নাপোলি। তবে হার না মানা মানসিকতা নিয়ে লড়ে যাওয়া দলটি পিছিয়ে পড়ে যোগ করা সময়ে। একক প্রচেষ্টায় আক্রমণ শাণানো বাঁজামা পাভার্দের বাড়ানো ক্রসে ছোট বক্সের ভেতর থেকে অনায়াসে জাল খুঁজে নেন মার্তিনেস। ১-০ গোলের জয়ে শিরোপা নিজেদের করে নেয় ইন্টার।
এ নিয়ে ইন্টারের অর্জনের শোকেসে ইতালিয়ান সুপার কাপ হলো ৮টি। প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়ন ইউভেন্তুসের চেয়ে একটি কম। দলীয় ও ব্যক্তিগত অর্জন নিয়ে খুব খুশি ইনজাগি। প্রশংসা করতে ভোলেননি প্রতিপক্ষ নাপোলির লড়াকু মানসিকতারও।
“আমরা অবশ্যই নাপোলিকে অভিনন্দন জানাব। তারা দারুণ একটি ম্যাচ খেলল। তিন দিন আগে আমরা একটা সেমি-ফাইনাল খেলেছিলাম, আজ ফাইনাল খেললাম, যেটা সবার জন্যই নতুন। দৃষ্টি উঁচুতেই রেখেছিলাম আমরা।”
শেষ দিকে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারায় দারুণ লাগছে মার্তিনেসের। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচে ২১ গোল করা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড জানালেন, লিগ কাপের হারের ক্ষতে প্রলেপ দেওয়ার সন্তুষ্টি।
“আমি খুবই গর্বিত ও খুশি। ইতালিয়ান কাপ থেকে ছিটকে গিয়েছিলাম; তাই সুপার কাপ জিততে চেয়েছিলাম আমরা।”
“এটা কঠিন ছিল। বিশ্রাম নেওয়ার জন্য একদিন কম পেয়েছিলাম আমরা; অতটা ধারালও ছিলাম না আমরা, কিন্তু এই দল নিয়ে আমি গর্বিত। গোলটা ছিল দারুণ আবেগের, অভূতপূর্ব একটা মুহূর্ত।”
