২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আরও বেশি প্রাপ্য ছিল, নিজেদের ভুলে পাইনি’, মনে হচ্ছে শাভির

নিজেদের ভুলে গ্রানাদার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে বলে মনে করেন বার্সেলোনা কোচ।

‘আরও বেশি প্রাপ্য ছিল, নিজেদের ভুলে পাইনি’, মনে হচ্ছে শাভির

বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 03:58 PM

Updated : 09 Oct 2023, 03:58 PM

শেষ দিকের গোলে গ্রানাদার মাঠে হার এড়ানোর স্বস্তি আছে বটে, কিন্তু নষ্ট হওয়া সুযোগগুলো নিয়ে খচখচানিও কম নয় শাভি এর্নান্দেসের। বার্সেলোনা কোচ মনে করেন, নিজেদের ভুলেই প্রাপ্য ফল পায়নি তার দল।

লা লিগায় রোববার রাতে গ্রানাদার বিপক্ষে ২-২ ড্র করে বার্সেলোনা। ব্রায়ান সারাগোসার জোড়া গোলের পর বার্সেলোনার হয়ে জালের দেখা পান লামিন ইয়ামাল ও সের্হি রবের্তো।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রেফারির বিতর্কিত অফসাইডের সিদ্ধান্তে জোয়াও ফেলিক্সের গোলটি বাতিল না হলে জয় নিয়ে ফিরতে পারত বার্সলোনা। ওই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ আড়াল করেননি শাভি। ডিএজেডএনকে তিনি বলেন, আরও বেশি প্রাপ্য ছিল বার্সেলোনার।

“আমি মনে করি, আমরা আরও বেশি পাওয়ার যোগ্য ছিলাম, কিন্তু নিজেদের ভুলগুলোর মাশুল দিলাম। এটা পরিষ্কার যে, আমরা এভাবে মাঠে নামতে পারি না।”

“আমরা ধৈর্যশীল ছিলাম, আধিপত্যও করছিলাম। সম্ভবত এটা আমাদের সর্বোচ্চ বল পজিশনের ম্যাচ এবং আমরা অনেক সুযোগও পেয়েছি। দুঃখের কথা হচ্ছে, প্রতিপক্ষের দুটি প্রতি-আক্রমণে ২-০ গোলে পিছিয়ে পড়া অবস্থান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হলো। সব মিলিয়ে অনুভূতি ভালো, কিন্তু দুই পয়েন্ট হারিয়েছি।”

গ্রানাদার মাঠে ড্র করলেও চলতি আসরের একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত অপরাজিত বার্সেলোনা। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে আছে শাভির দল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে জিরোনা দুইয়ে, ২৪ পয়েন্ট নিয়ে রেয়াল মাদ্রিদ শীর্ষে আছে।