‘জার্মান সম্রাট’ বেকেনবাউয়ার: আলো ঝলমলে ক্যারিয়ার
ফুটবলে ‘লিবারো’ পজিশনের অগ্রদূত মনে করা হয় তাকে, তার হাত ধরে জন্ম হয়েছে অনেক ইতিহাসের, ক্যারিয়ারে যিনি গড়েছেন অনেক রেকর্ড, সমৃদ্ধ হয়েছেন অসংখ্য অর্জনে।
ফ্রানৎস বেকেনবাউয়ারকে নিয়ে আলোচনার কোথা থেকে শুরু করা যায় আর কোথায় শেষ, বুঝে ওঠাই কঠিন। মিউনিখের এক ডাক বিভাগের কর্মীর সন্তান, যার পরিবারে ফুটবল খেলাকে দেখা হয়েছে বাঁকা চোখে, সেই পরিবার থেকে উঠে এসে তিনি রাঙিয়েছেন ফুটবলের জগৎ। তার হাত ধরে জন্ম হয়েছে অনেক ইতিহাসের। কত রেকর্ড গড়েছেন, কত অর্জনে সমৃদ্ধ হয়েছেন, সেসবের তো হিসাব রাখাও কঠিন।
জার্মানরা ভালোবেসে তাকে ডাকত ‘ডের কাইজার’ নামে। যেটির মানে ‘দা এমপেরর’ বা ‘সম্রাট।’ তবে শুধু জার্মান ফুটবলেই নয়, রাজত্ব করেছেন তিনি বিশ্ব ফুটবলের আঙিনায়। ৭৮ বছর বয়সে সোমবার তিনি পাড়ি জমিয়েছেন পরপারে।
খেলোয়াড়ি জীবনের শুরুতে তিনি ছিলেন সেন্টার ফরোয়ার্ড। সেখান থেকে মিডফিল্ডে নেমে পরে থিতু হন ডিফেন্সে। এই পজিশনেই নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। অনেকের চোখেই তিনি সর্বকালের সেরা ডিফেন্ডার। যারা অবিসংবাদিত সেরা মানেন না, তাদের কাছেও তিনি সেরা দুই-তিনজনের মধ্যেই থাকেন। ফুটবলে ‘লিবারো’ বা আধুনিক সুইপার পজিশনের অগ্রদূত মনে করা হয় তাকেই।
চিরবিদায়ের দিনটিতে তার অর্জনে টইটম্বুর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু তুলে ধরা হলো এখানে:
* ১৯৭৪ বিশ্বকাপজয়ী পশ্চিম জার্মানি দলের অধিনায়ক।
* ১৯৯০ বিশ্বকাপজয়ী পশ্চিম জার্মানি দলের কোচ।
* ফুটবল ইতিহাসে খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপজয়ী তিন জনের একজন।
* ফুটবল ইতিহাসে অধিনায়ক ও কোচ হিসেবে বিশ্বকাপজয়ী দুই জনের একজন।
* বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (এখনকার ইউরো) ও ইউরোপিয়ান কাপ (এখনকার চ্যাম্পিয়ন্স লিগ), সবকটিই জয়ী প্রথম অধিনায়ক।
* টানা তিনটি ইউরোপিয়ান কাপ (এখনকার চ্যাম্পিয়ন্স লিগ) জয়ী প্রথম অধিনায়ক।
* দুটি ব্যালন দ'র জয়ী একমাত্র ডিফেন্ডার (১৯৭২ ও ১৯৭৬)। এছাড়াও রানার্স আপ হয়েছেন ১৯৭৪ ও ১৯৭৫ সালে।
* টানা তিনটি বিশ্বকাপের অল স্টার দলে জায়গা পাওয়া ফুটবলার (১৯৯৬, ১৯৭০, ১৯৭৪)।
* ১৯৬৬ বিশ্বকাপের সেরা তরুণ ফুটবলার।
* ১৯৬৬ বিশ্বকাপের ব্রোঞ্জ বুট ও ১৯৭৪ বিশ্বকাপের সিলভার বল বিজয়ী।
* ফিফার সর্বোচ্চ স্বীকৃতি অর্ডার অব মেরিট জয়ী দুই দফায়।
* ফিফা প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, উয়েফা প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড।
* সর্বোচ্চে চারবার জার্মান বর্ষসেরা ফুটবলার।
* বুন্ডেসলিগায় মৌসুম সেরা দলে জায়গা ১২ বার।
* বিংশ শতাব্দির সেরা একাদশে জায়গা (১৯৯৮ সালে), ফিফা বিশ্বকাপ ড্রিম টিমে জায়গা (২০০২ সালে), ব্যালন দ’র ড্রিম টিমে জায়গা (২০২০)।
এছাড়াও খুঁটিনাটি রেকর্ড ও অর্জন তার আছে আরও অনেক। জার্মান ক্রীড়ার হল অব ফেম-এ তার জায়গা তো অবধারিতই ছিল। দুই দফায় নিউ ইয়র্ক কসমস ক্লাবে খেলে যুক্তরাষ্ট্রের ফুটবল মাতিয়ে অন্তর্ভুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সকার হল অব ফেম-এ।
এছাড়া খেলোয়াড়ি জীবন শেষে ধারাভাষ্য দিয়েছেন নানা সময়ে, বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন সংবাদমাধ্যমে। স্কাই জার্মানিতে কাজ করেছেন লম্বা সময়। জার্মান ট্যাবলয়েড বিল্ড-এ কলাম লিখেছেন ৩৪ বছর ধরে।
প্রশাসক হিসেবেও কাজ করেছেন সাফল্যের সঙ্গে। ১৯৯৮ সালে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হন তিনি। জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন মিউনিখের প্রেসিডেন্টও ছিলেন। জার্মানিতে ২০০৬ বিশ্বকাপ আয়োজক কমিটির চেয়ারম্যান হিসেবেও তিনি ছিলেন দারুণ সফল।
তার সুদীর্ঘ ও কীর্তিময় ফুটবল জীবনে কালির ছটা লাগে অবশ্য প্রশাসক হিসেবেই। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্বাচন প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তে সহায়তা না করায় ৯০ দিনের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে তাকে নিষিদ্ধ করে ফিফার এথিক্স কমিটি। পরে এজন্য তাকে জরিমানাও গুনতে হয়। এছাড়াও ২০১০ সালের বিশ্বকাপ আয়োজক বাছাই প্রক্রিয়ায় ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
তাতে প্রশাসক হিসেবে তার কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয় বারবার। কিন্তু ফুটবল মাঠে তার শ্রেষ্ঠত্ব ও বিশালত্ব প্রশ্নাতীত। চিরবিদায়ের পরও তিনি হয়ে রইবেন চিরস্মরণীয়।
