ভবিষ্যতে ব্যালন দ’র জিতবে এমবাপে-হলান্ড, আশা মেসির
বিশ্বকাপজয়ী তারকার মতে, এমবাপে ও হলান্ডেরও বছরটা দুর্দান্ত কেটেছে।
এবারের ব্যালন দ’রের লড়াইয়ে লিওনেল মেসির মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন আর্লিং হলান্ড। কিছুটা সম্ভাবনা ছিল কিলিয়ান এমবাপেরও। শেষ পর্যন্ত অবশ্য আর্জেন্টাইন তারকার সঙ্গে পেরে ওঠেননি তারা। তবে মেসি মনে করেন, ভবিষ্যতে এই দুজনই ব্যালন দ’র খেতাব জিতবেন।
ক্লাব পর্যায়ে গেল মৌসুমটা খুব দুর্দান্ত না কাটলেও, আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেই মূলত রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন দ’র জিতেছেন মেসি। ফাইনালে দুটিসহ আসরে মোট ৭ গোল করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল।’
বিবেচিত সময়টা দুর্দান্ত কাটে হলান্ডেরও। সবশেষ মৌসুমে ম্যানচেস্টার সিটির ঐতিহাসিক ট্রেবল জয়ে বড় ভূমিকা ছিল নরওয়ের এই তারকার। ইংলিশ প্রিমিয়ার লিগে গোল করেন ৩৬টি, যা ৩৮ ম্যাচের লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড। চ্যাম্পিয়ন্স লিগ জেতার পথে ১১ ম্যাচে জালের দেখা পান ১২ বার। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে গেল মৌসুমে তার গোল ৫২টি।
কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যায় ফ্রান্স। সেই ফাইনালে হ্যাঁটট্রিক করেন এমবাপে, আসরে সর্বোচ্চ ৮ গোল করে জেতেন ‘গোল্ডেন বুট’ খেতাব। এছাড়াও পিএসজির হয়ে জেতেন লিগ আঁ-এর শিরোপা। ফ্রান্সের শীর্ষ লিগের সর্বোচ্চ গোলস্কোরার হওয়া এই তারকা ফরোয়ার্ড ২০২২-২৩ মৌসুমে পিএসজির জার্সিতে মোট গোল করেন ৪১টি।
ব্যালন দ’র হাতে নিয়ে এমবাপে ও হলান্ডের ভূয়সী প্রশংসা করেন মেসি।
“এই ব্যালন দ’র পুরো আর্জেন্টিনার জন্য একটা উপহার। তবে আমি (আর্লিং) হলান্ড বা (কিলিয়ান) এমবাপেকে ভুলে যেতে চাই না, যাদের বছরটা দুর্দান্ত কেটেছে, তারা অসাধারণ এবং আগামী বছরগুলোতে তারা এই পুরস্কার জিতবে।”
এই বছরের ব্যালন দ’রের সেরার লড়াইয়ে হলান্ড হন দ্বিতীয়। আর তিনে থেকে শেষ করেন এমবাপে।
