চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ফেভারিট ভাবেন না পিএসজি কোচ
ইউরোপ সেরা হওয়ার অভিযানে চাপ অনুভব করছেন না ক্রিস্তফ গালতিয়ে।
আক্রমণভাগে লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপের মতো তারকা। অন্য পজিশনেও আছে অভিজ্ঞদের ছড়াছড়ি। তারপরও চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ফেভারিট ভাবছেন না পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে। তার মতে, তাদের চেয়ে এগিয়ে আছে কয়েকটি দল।
ফরাসি লিগে প্রায় এক যুগ ধরে আধিপত্য করলেও ইউরোপ সেরার লড়াইয়ে বারবার ব্যর্থতার গল্প লিখে চলেছে পিএসজি।একের পর এক কোচ বদল করেও মেলেনি সাফল্য।
পিএসজি অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের সবচেয়ে কাছাকাছি গিয়েছিল ২০১৯-২০ মৌসুমে। সেবার ফাইনালে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় বায়ার্ন মিউনিখ।
গত মৌসুমে নেইমার-এমবাপেদের সঙ্গে প্যারিসের ক্লাবটিতে যোগ দেন মেসি, সের্হিও রামোস, জানলুইজি দোন্নারুম্মারা। তাতে দলটির শক্তি বাড়ে বহুগুণে।
তবে লিগ ওয়ানে শিরোপা পুনরুদ্ধার করলেও চ্যাম্পিয়ন্স লিগে যোগ হয় আরেকটি হতাশাময় অভিযান। শেষ ষোলোয় দুই লেগের অধিকাংশ সময় দাপট দেখালেও শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয় দলটি।
মূলত ওই ব্যর্থতার কারণেই চাকরি হারাতে হয় কোচ মাওরিসিও পচেত্তিনোর। ২০২২-২৩ মৌসুমকে সামনে রেখে দায়িত্ব দেওয়া হয় গালতিয়েকে।
এই ফরাসি কোচের হাত ধরে লিগে এখন পর্যন্ত দারুণ খেলছে পিএসজি। প্রথম ছয় ম্যাচে গোল করেছে ২৪টি, পয়েন্ট টেবিলেও আছে শীর্ষে।
এবার পালা চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামার। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার পিএসজির প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট ইউভেন্তুস।
হাইভোল্টেজ ম্যাচটি সামনে রেখে সোমবার সংবাদ সম্মেলনে গালতিয়ে বললেন, ফেভারিটের তালিকায় নেই তার দল।
“(চ্যাম্পিয়ন্স লিগে) প্রতি বছর ৮ বা ৯টি দল থাকে, যাদের শিরোপাটি জয়ের সামর্থ্য আছে। আমরা কি ফেভারিট? না।”
চলতি সেরি আয় এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে কেবল দুই গোল হজম করেছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি দল। আসছে ম্যাচে তাই তাদের বিপক্ষে হয়তো গোলের জন্য কঠিন লড়াই করতে হবে পিএসজিকে।
ম্যাচের আগে প্রতিপক্ষ দল ও কোচের প্রতি গালতিয়ের কন্ঠে তাই সমীহের সুর।
“এই দলের বিপক্ষে মাঠে ফাঁক খুজে বের করা খুবই কঠিন।”
“আগামীকাল আমরা এমন একটি দলের মুখোমুখি হবো, যাদের এই প্রতিযোগিতায় অনেক অভিজ্ঞতা আছে। তাদের কোচ (মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি) এমন একজন, যার চ্যাম্পিয়ন্স লিগে আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে।”
লিগ শিরোপা জেতার পরও পচেত্তিনোর বিদায় বলে দেয়, পিএসজির মূল লক্ষ্য ইউরোপ সেরা হওয়া। গালতিয়ের জন্যও তাই তা বাড়তি চাপ তৈরি করতে পারে। ৫৬ বছর বয়সী এই কোচ অবশ্য তেমন কিছু ভাবছেন না।
“চাপের বিষয়ে বললে, আমি যেদিন চুক্তিবদ্ধ হয়েছি সেদিন থেকেই আমার ওপর আছে। তবে আগামীকাল বাড়তি কোনো চাপ থাকবে না।”
