২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিনিসিউসের কাছে বেলিংহ্যাম ‘অবিশ্বাস্য’

রেয়াল মাদ্রিদে খেলার জন্যই জুড বেলিংহ্যামের জন্ম বলে মনে করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2023, 04:09 PM

Updated : 08 Oct 2023, 05:01 PM

১০ ম্যাচে ১০ গোল! রেয়াল মাদ্রিদের হয়ে এ পর্যন্ত জুড বেলিংহ্যামের সব প্রতিযোগিতা মিলয়ে গোলের পরিসংখ্যান  এমনই দারুণ। ওসাসুনার বিপক্ষে সবশেষ ম্যাচেও জোড়া গোল করেছেন তিনি। এই ইংলিশ মিডফিল্ডারের স্তুতিতে মেতেছেন সতীর্থ ভিনিসিউস জুনিয়রও।

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার লা লিগার ম্যাচে ওসাসুনাকে ৪-০ ব্যবধানে হারায় রেয়াল। শুরুর দিকে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণের কাজটিও করেন বেলিংহ্যাম। পরে জালের দেখা পান দুই ফরোয়ার্ড ভিনিসিউস ও হোসেলু।

২০ বছর বয়সী বেলিংহ্যামের দারুণ কার্যকারিতার ছাপ স্পষ্ট পরিসংখ্যানেও। মাত্র ১৯টি প্রচেষ্টায় ১০ বার জালের নাগাল পেয়েছেন তিনি।

এই সাফল্য দিয়ে বেলিংহ্যাম ফিরিয়ে এনেছেন রেয়ালে ক্রিস্তিয়ানো রোনালদোর শুরুর দশ ম্যাচের সুখস্মৃতি। পর্তুগিজ তারকাও সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ গোল করেছিলেন দশ ম্যাচে, তবে বেলিংহ্যামের নামের পাশে তিনটি অ্যাসিস্টও আছে।

এ মুহূর্তে লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে বেলিংহ্যাম (৮টি)। ক্লাব সতীর্থ হোসেলু ও বার্সেলোনার রবের্ত লেভানদোভস্কির চেয়ে তিন গোল বেশি তার। বেলিংহ্যামকে নিয়ে তাই ভিনিসিউসের মুগ্ধতার অন্ত নেই।

“বেলিংহ্যাম অবিশ্বাস্য, অসাধারণ। রেয়ালে খেলার জন্য, বিশ্বের সবচেয়ে বড় ক্লাবটির হয়ে একটা অধ্যায় লেখার জন্যই তার জন্ম।”

“আমাদের মধ্যে বিশেষ বোঝাপড়া আছে এবং আমি আশা করি, এই সম্পর্ক বহুদিন টিকবে এবং আমরা এখানে অনেক দিন খেলব।”

মুভিস্টারের সঙ্গে আলাপচারিতায় বেলিংহ্যামকে সেরাদের একজন বলেও প্রশংসায় ভাসালেন ভিনিসিউস।

“জুডের সঙ্গে খেলতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত, এই তরুণ বয়সেই সে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। আমরা সবাই তাকে নিয়ে খুশি এবং সমর্থকরাও তার খেলা সত‍্যিই উপভোগ করছে।”

৯ ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রেয়াল। সমান ম্যাচে পঞ্চম হারের স্বাদ পাওয়া ওসাসুনার পয়েন্ট ১০।