২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ার্দিওলার পিঠে অস্ত্রোপচার

বার্সেলোনায় এক হাসপাতালে ম্যানচেস্টার সিটি কোচের পিঠে অস্ত্রোপচার করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2023, 07:33 PM

Updated : 22 Aug 2023, 07:33 PM

নিজেদের পরের দুটি ম্যাচে কোচ পেপ গুয়ার্দিওলাকে ডাগআউটে পাবে না ম্যানচেস্টার সিটি। এই স্প্যানিয়ার্ডের পিঠে অস্ত্রোপচার করা হয়েছে।

ক্লাবের ওয়েবসাইটে মঙ্গলবার দেওয়া বিবৃতিতে খবরটি জানায় ইংলিশ চ্যাম্পিয়নরা।

বেশ কিছুদিন ধরেই গুয়ার্দিওলা পিঠের ব্যথায় ভুগছিলেন। জরুরিভিত্তিতে অস্ত্রোপচারের জন্য সম্প্রতি বার্সেলোনায় যান তিনি। সেখানে সফল অস্ত্রোপচারের পর এখন পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন অভিজ্ঞ এই কোচ।

ইংলিশ প্রিমিয়ার লিগে আগামী রোববার শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে খেলবে সিটি। এরপর আগামী ২ সেপ্টেম্বর ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামবে তারা। এই দুই ম্যাচে ডাগআউটে থাকবেন না গুয়ার্দিওলা।

আগামী মাসের আন্তর্জাতিক বিরতির পর গুয়ার্দিওলাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী সিটি।