ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন অধিনায়ক ফের্নান্দেস
গত মৌসুমে ম্যাগুইয়ারের অনুপস্থিতিতে দলকে অনেক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এই পর্তুগিজ মিডফিল্ডার।
নতুন মৌসুম সামনে রেখে পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেসের কাঁধে নেতৃত্বভার তুলে দিল ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রিমিয়ার লিগের ক্লাবটি বৃহস্পতিবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয়। সাবেক অধিনায়ক হ্যারি ম্যাগুইয়ারের স্থলাভিষিক্ত হলেন ফের্নান্দেস।
গত মৌসুমে ধারাবাহিক বাজে পারফরম্যান্সে প্রথমে শুরুর একাদশে জায়গা হারান ম্যাগুইয়ার। পরে দলে হয়ে পড়েন অনিয়মিত। মূলত সেই কারণেই ২০২৩-২৪ মৌসুম শুরুর আগে নেতৃত্বে বদল আনলেন কোচ এরিক টেন হাগ।
নতুন অধিনায়ক ফের্নান্দেস দলের সবচেয়ে নিয়মিত ও উজ্জ্বল পারফরমারদের একজন। গত মৌসুমে ম্যাগুইয়ারের অনুপস্থিতিতে অনেক ম্যাচে দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি।
স্পোর্তিং থেকে ২০২০ সালে ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকে দলটির হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮৫ ম্যাচ খেলেছেন ২৮ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার; গোল করেছেন ৬৪টি, অ্যাসিস্ট ৫৪টি।
গতবার তৃতীয় স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করা ওল্ড ট্র্যাফোর্ডের দলটি এখন প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচ খেলছে। প্রথম ম্যাচে বুধবার লিগ ওয়ানের ক্লাব অলিম্পিক লিওঁকে ১-০ গোলে হারিয়েছে।
এরপর তারা যাবে যুক্তরাষ্ট্র সফরে। প্রীতি ম্যাচে সেখানে তারা খেলবে আর্সেনাল, রেক্সহাম, রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।
