২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিগে অষ্টম হারের স্বাদ পেল চেলসি

ইউরোপা কনফারেন্স লিগের পজিশন থেকেও ৭ পয়েন্টে পিছিয়ে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2023, 09:43 PM

Updated : 24 Dec 2023, 09:44 PM

বড় দিনের আগের সন্ধ্যাটা চেলসির জন্য হলো বিস্মরণের। হতাশায় ভরা মৌসুমে পেল আরেকটি হারের তেতো স্বাদ। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে হারল মাওরিসিও পচেত্তিনোর দল।

প্রতিপক্ষের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে অনেক সুযোগ নষ্টের পর শেষ মুহূর্তে একবার জালের দেখা পায় চেলসি। তবে তাতে হার এড়ানো যায়নি। ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে উলভারহ্যাম্পটন।

ম্যাচের ৫১তম মিনিটে গ্যাবনের মিডফিল্ডার মারিও লেমিনার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন আইরিশ ডিফেন্ডার ম্যাট ডোহার্টি।

বদলি নেমে ক্রিস্টোফার এনকুকু শেষ সময়ে একটি গোল শোধ করলেও, আসরে অষ্টম হার এড়াতে পারেনি চেলসি।

এই হারের পর ১৮ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে চেলসি। ইউরোপের তৃতীয় সেরা টুর্নামেন্ট কনফারেন্স লিগের টিকেট পেতে হলে থাকতে হবে সপ্তম স্থানে, সেখান থেকেও ৭ পয়েন্টে পিছিয়ে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।

৪০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল।