২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের ট্রেবল জেতা গুয়ার্দিওলার চোখে ‘অসম্ভব’

নতুন মৌসুমে নতুন শুরুর কথা বললেন ম্যানচেস্টার সিটির এই কোচ।

ফের ট্রেবল জেতা গুয়ার্দিওলার চোখে ‘অসম্ভব’

চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিতে চুমু আঁকছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2023, 08:42 PM

Updated : 10 Aug 2023, 08:49 PM

সবশেষ মৌসুমে ট্রেবল জয়ের পর নতুন মৌসুম শুরুর আগে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকার কথা ম্যানচেস্টার সিটির। কিন্তু মাটিতেই পা রাখছেন দলটির কোচ পেপ গুয়ার্দিওলা। সমর্থকদের সতর্ক করে দিয়ে এই স্প্যানিয়ার্ড বলেছেন, তার দলের কাছে ট্রেবল জয়ের পুনরাবৃত্তির আশা যেন না করা হয়। ফের ট্রেবল জেতা তার কাছে অসম্ভবের মতো।

২০২২-২৩ মৌসুমটি স্বপ্নের মতো কাটে সিটির। প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তোলে তারা ছয় মৌসুমের মধ্যে পঞ্চমবারের মতো। এফএ কাপের ট্রফিও উঁচিয়ে ধরে দলটি। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে জিতে দ্বিতীয় ইংলিশ দল হিসেবে গড়ে ট্রেবল জয়ের কীর্তি।

প্রথম কোচ হিসেবে দুইবার ট্রেবল জয়ের ইতিহাস গড়েন গুয়ার্দিওলা। প্রথমবার তিনি এই স্বাদ পেয়েছিলেন বার্সেলোনার কোচ হিসেবে।

নতুন মৌসুমেও সব প্রতিযোগিতায় ফেভারিট সিটি। যদিও গত রোববার এফএ কমিউনিটি শিল্ডের শিরোপা লড়াইয়ে আর্সেনালের বিপক্ষে হেরে যায় তারা। মূল ম্যাচ ১-১ ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারে গুয়ার্দিওলার দল।

তাই অতীত হয়ে যাওয়া সাফল্যে বুঁদ থাকতে নারাজ গুয়ার্দিওলা। বার্নলির বিপক্ষে ম্যাচ দিয়ে শুক্রবার প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করার আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বললেন নতুন শুরুর কথা।

“গত মৌসুমে আমরা যা করেছি, এমনটা (সব সময়) করা সম্ভব নয়, এটা জীবদ্দশায় একবার করার মতো বিষয়। আমরা গত মৌসুমে (সাফল্যের) সর্বোচ্চ চূড়ায় উঠেছি, কিন্তু গত দুই দিনে সেখান থেকে নেমে এসেছি এবং এখন নতুন করে শুরু করছি।”

“সবারই একই লক্ষ্য থাকে। তবে যতটা সম্ভব উঁচুতে উঠতে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। আমাদের ফুটবল, খেলার ধরন, মানসিকতা নির্ধারণ করবে মৌসুমটি কেমন হবে।”