১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সেই অশ্রুসিক্ত রাতের পর ওয়াশিংটনে মারের প্রথম জয়

সিটি ওপেনের শেষ বত্রিশের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ব্র্যান্ডন নাকাশিমাকে হারিয়েছেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা।

সেই অশ্রুসিক্ত রাতের পর ওয়াশিংটনে মারের প্রথম জয়

জয়ের পর হাস্যোজ্জ্বল অ্যান্ডি মারে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2023, 07:38 PM

Updated : 03 Aug 2023, 08:12 PM

রাত ৩টায় শেষ হওয়া ম্যাচে জয়, কান্নায় ভেঙে পড়া, কোয়ার্টার-ফাইনালের আগে সরে দাঁড়ানো- ২০১৮ সালের সিটি ওপেন অম্লমধুর এক অভিজ্ঞতায় কেটেছিল অ্যান্ডি মারের। সেই ওয়াশিংটনে পাঁচ বছর পর দারুণ এক জয় পেলেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা।  

যুক্তরাষ্ট্রের রাজধানীতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে সিটি ওপেনের শেষ বত্রিশের ম্যাচে আমেরিকার ব্র্যান্ডন নাকাশিমার বিপক্ষে প্রথম সেটে ৫-২-এ পিছিয়ে ছিলেন মারে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকে সেট জিতে নেন ৩৬ বছর বয়সী ব্রিটিশ তারকা। শেষ পর্যন্ত তিনি ম্যাচ জেতেন ৭-৬ (৭-৫), ৬-৪ গেমে।

শেষ ষোলোর ম্যাচে আরেক মার্কিন টেইলর ফ্রিটজের বিপক্ষে খেলবেন মারে।

পাঁচ বছর আগে এখানে শেষ ষোলোয় দেরিতে শুরু হওয়া ম্যাচে তিন ঘণ্টার লড়াইয়ে মারিয়াস কপিলের বিপক্ষে জিতেছিলেন মারে। ম্যাচটি শেষ হয়েছিল স্থানীয় সময় রাত ৩টায়। ওই বছরের জানুয়ারিতে নিতম্বের অস্ত্রোপচারের পর সেটি ছিল কেবল তার তৃতীয় টুর্নামেন্ট। ম্যাচের পর তোয়ালেতে মুখ চেপে কান্নায় ভেঙে পড়েন তিনি।

Image

২০১৮ সালের আসরে শেষ ষোলোয় জয়ের পর এভাবেই কান্নায় ভেঙে পড়েছিলেন মারে।

পরদিন রাতেই ছিল আবার শেষ আটের ম্যাচ। তবে ক্লান্তির কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন মারে। এবার নাকাশিমার বিপক্ষে জয়ের পর তিনি ফিরে গেলেন অতীতে।  

“হ্যাঁ, ২০১৮ সালের ওই টুর্নামেন্ট আমার জন্য মানসিক ও শারীরিকভাবে বেশ কঠিন ছিল। আমি খুব খারাপ অবস্থায় ছিলাম। আমি জয়গুলো উপভোগ করতে পারতাম না, কারণ আমার নিতম্ব এবং সবকিছুর কারণে ম্যাচের পর সন্ধ্যায় ঘুমাতে পারতাম না। সেই সমস্যাগুলোর কোনোটি আর ফিরে না আসায়, ব্যথামুক্ত থাকতে পারায় এবং এখনও শীর্ষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরে ভালো লাগছে।”

পরের বছর আবারও নিতম্বে অস্ত্রোপচার করাতে হয়েছিল মারের। বর্তমানে র‍্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে থাকা সাবেক নাম্বার ওয়ান তারকা গত মাসে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে পাঁচ সেটের লড়াইয়ে হেরে যান স্তেফানোস সিৎসিপাসের কাছে। আগামী ২৮ অগাস্ট শুরু হতে যাওয়া ইউএস ওপেনের জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন তিনি।