শীর্ষে উঠলেও বাস্তবের শক্ত জমিনে পা গুয়ার্দিওলার
লিগ টেবিলের শীর্ষে উঠলেও শিরোপা লড়াইয়ের চিত্রে পরিবর্তন দেখছেন না পেপ গুয়ার্দিওলা।
প্রিমিয়ার লিগে কয়েক রাউন্ড আগেও আর্সেনালের চেয়ে অনেকটা পিছিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। তবে লন্ডনের ক্লাবটির ছন্দপতনে এখন শীর্ষে শিরোপাধারীরা। পেপ গুয়ার্দিওলার কাছে অবশ্য তা খুব বিশেষ কিছু নয়। এই স্প্যানিশ কোচ মনে করেন, শিরোপা জেতার মতো মোমেন্টাম থেকে এখনও দূরে আছে তার দল!
লিগে গত বুধবার আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগে দুইয়ে ছিল সিটি। ম্যাচটি ৩-১ গোলে জিতে গোল পার্থক্যে শীর্ষে ওঠে গুয়ার্দিওলার দল। দলটির বিপক্ষে লিগে এটি ছিল সিটির টানা ১১তম জয়।
২৩ ম্যাচে সিটির পয়েন্ট ৫১। ২২ ম্যাচে সমান পয়েন্ট আর্সেনালেরও, মানে আসছে ম্যাচে সিটিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ আছে মিকেল আর্তেতার দলের সামনে।
নিজেদের পরবর্তী ম্যাচে আগামী শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে খেলবে সিটি। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্প্যানিশ এই কোচ বললেন, শিরোপার লড়াইয়ের চিত্রে কোনো বদল আসেনি।
“তাদের (আর্সেনাল) হাতে একটি ম্যাচ আছে, তাই তেমন কোনো পরিবর্তন হয়নি। আমরা শুধু নটিংহ্যাম ফরেস্টকে নিয়ে ভাবছি।”
“টানা ১০ ম্যাচ জেতাটা অনুপ্রেরণা এবং এমন কিছু এই মৌসুমে আমাদের সঙ্গে হয়নি। আমাদের এমন একটি দলের (ফরেস্ট) বিপক্ষে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, যারা (সবশেষ) ছয় ম্যাচের মাত্র একটিতে হেরেছে।”
লিগে ঘরের মাঠে সবশেষ সাত ম্যাচে অপরাজিত আছে ১৪তম স্থানে থাকা ফরেস্ট। ২২ ম্যাচে ২৪ পয়েন্ট ক্লাবটির।
