২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোটের থাবায় ক্যাম্প থেকে ছিটকে গেলেন সোহেল

এই মিডফিল্ডারের পুরোপুরি সেরে উঠতে ৪ থেকে ৫ সপ্তাহ লাগবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 08:06 PM

Updated : 02 Sep 2022, 08:06 PM

হাঁটুতে সোহেল রানা চোট পেয়েছিলেন গত সোমবার। ব্যথ্যা বেশি হওয়ায় চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন তিনি। করানো হয়েছিল এমআরআই। রিপোর্টে আসেনি স্বস্তির খবর। জাতীয় ফুটবল দলের ক্যাম্প থেকে ছিটকে গেছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।

জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন শুক্রবার নিশ্চিত করেছেন সোহেলের ছিটকে যাওয়া। কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে ২৭ জন নিয়ে শুরু হওয়া ক্যাম্প আপাতত ২৬ জন নিয়ে চলবে বলে জানিয়েছেন তিনি।

২০১৩ সালে অভিষেকের পর থেকে জাতীয় দলের মাঝমাঠ সামলাচ্ছেন সোহেল। দলের অভিজ্ঞ মিডফিল্ডারদের মধ্যে একজন তিনি। কম্বোডিয়া ও নেপাল ম্যাচে ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারকে না পাওয়া দলের জন্য বড় ধাক্কা। সোহেল নিজেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন হতাশার কথা।

“অনুশীলনে দৌড়ানোর সময় ডান হাঁটুতে ব্যথা পেয়েছিলাম। ডাক্তারের কাছে গিয়েছিলাম এমআরআই করাতে। রিপোর্ট দেখে ডাক্তার বলেছেন চার থেকে পাঁচ সপ্তাহ লাগবে পুরোপুরি সেরে উঠতে। মাঝের এই সময়ে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। ক্যাম্প থেকে ছিটকে যাওয়ায় খুবই খারাপ লাগছে।”

চোট আসলে পিছু লেগেই আছে সোহেলের। গত জুনে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। গত বছর জুনেও বিশ্বকাপ বাছাইয়ের সময় চোটে পড়েছিলেন বসুন্ধরা কিংসের এই মিডফিল্ডার।

২২ সেপ্টেম্বর কম্বোডিয়া ও ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই প্রতিপক্ষের মাঠে খেলবে হাভিয়ের কাবরেরার দল।