ভিক্টোরিয়াকে গোলের মালা পরালো মোহামেডান
ফায়জাল বিন সারি ও দ্বীন ইসলাম ইমনের হ্যাটট্রিকে প্রিমিয়ার ডিভিশন হকিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে মোহামেডান।
পেনাল্টি কর্নার থেকে ৪৪তম মিনিটে একটি গোল পেল ভিক্টোরিয়া। মোহামেডানের বিপক্ষে ম্যাচে দলটির মুহূর্ত বলতে এতটুকুই। এই গোলের আগে মোহামেডান গোল উৎসব করল আটবার, পরে আরও দুইবার। প্রিমিয়ার ডিভিশন হকি লিগে আরেকটি দাপুটে জয় পেল সাদা-কালো জার্সিধারীরা।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোমবার ভিক্টোরিয়াকে ১০-১ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান। আজাদ স্পোর্টিং ক্লাবকে ৪-০ ব্যবধানে হারিয়ে লিগ শুরু করেছিল তারা।
মোহামেডানের টানা দ্বিতীয় জয়ের ম্যাচে সবচেয়ে উজ্জ্বল ফায়জাল বিন সারি ও দ্বীন ইসলাম ইমন। দুজনেই উপহার দিয়েছেন হ্যাটট্রিক।
ভিক্টোরিয়ার জালে গোলের শুরুটা করেন ইমন। তৃতীয় মিনিটের ফিল্ড গোলের পর একাদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ফিল্ড গোলটি দারুণ সম্মিলিত প্রচেষ্টার ফল। অধিনায়ক রাসেল মাহমুদ জিমির সঙ্গে বল দেওয়া নেওয়া করে ফায়জাল হালকা পুশে বল বাড়ান অপর প্রান্তে থাকা ইমনকে। আলতো হিটে বাকিটুকু সারেন তিনি।
লিগে মোহামেডানের জার্সিতে অভিষেকে ব্যক্তিগত গোলের খাতা ফায়জাল খোলেন চতুর্দশ মিনিটে, পেনাল্টি কর্নার থেকে। এরপর চার মিনিটের মধ্যে আরও দুবার লক্ষ্যভেদে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।
এরপর স্কোরশিটে না লেখান শফিউল আলম শিশির, মনোজ বাবু ও জিমি।
৪৪তম মিনিটে কোণঠাসা ভিক্টোরিয়ার একমাত্র গোলটি করেন উল্লাস রায়, পেনাল্টি কর্নার থেকে।
এর তিন মিনিট পর ফিল্ড গোলে হ্যাটট্রিক পূরণ করেন ইমন। ৪৯তম মিনিটে আমিরুল ইসলাম ভিক্টোরিয়ার কফিনে ঠুকে দেন দশম পেরেকটি।
দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলে হারায় সাধারণ বীমা।
