২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নে ‘সব শিরোপা জয়ের’ চ্যালেঞ্জ নিচ্ছেন টুখেল

বায়ার্ন মিউনিখের বর্তমান দল ইউরোপের সেরাদের একটি বলে মনে করেন তাদের নতুন কোচ টমাস টুখেল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2023, 08:13 PM

Updated : 25 Mar 2023, 08:13 PM

মৌসুমের মাঝপথে বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেওয়া টমাস টুখেলের অপেক্ষায় কঠিন চ্যালেঞ্জ। জার্মান এই কোচ ভালোভাবেই বুঝতে পারছেন বাস্তবতা। তবে মিউনিখের ক্লাবটিকে মৌসুমে সব শিরোপা জেতানোর ব্যাপারে প্রত্যয়ী তিনি। তার মতে, বর্তমানে ইউরোপের সেরা দলগুলির একটি বায়ার্ন।  

সবাইকে অবাক করে দিয়ে গত শুক্রবার আগের কোচ ইউলিয়ান নাগেলসমানের সঙ্গে চুক্তি বাতিল করে বায়ার্ন। টুখেলকে ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব দিতেও সময় নষ্ট করেনি তারা।

নাগেলসমানকে বরখাস্ত করার পেছনে দলের সাম্প্রতিক পারফরম্যান্সকে দায়ী করেছেন বায়ার্নের কর্তারা। বুন্ডেসলিগায় নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের দুটিতে হেরেছে গত ১০ আসরের চ্যাম্পিয়নরা। পয়েন্ট টেবিলে তারা নেমে গেছে দুইয়ে।

২৫ ম্যাচ শেষে বায়ার্নের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বরুশিয়া ডর্টমুন্ড। আন্তর্জাতিক বিরতি শেষে প্রথম ম্যাচে তাদের বিপক্ষে ফিরতি লেগের লড়াইয়ে নামবে বায়ার্ন।

মৌসুমের শুরুতে জার্মান সুপার কাপ জয়ী দলটি জার্মান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য এখনও ভালোভাবেই টিকে আছে। ইউরোপ সেরার মঞ্চে আগামী মাসে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে তারা। জার্মান কাপেও উঠে গেছে শেষ আটে।

গত বছরের সেপ্টেম্বরে চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর প্রথম কোনো ক্লাবের দায়িত্ব নেওয়া টুখেল শনিবার সংবাদ সম্মেলনে দৃঢ় কণ্ঠে বললেন, সব শিরোপাই ঘরে তুলতে চান তারা।

“বায়ার্ন বিশ্বের সেরা ক্লাবগুলির একটি। জয় তাদের ডিএনএ-তে আছে। দায়িত্বগুলো পরিষ্কার এবং (দলের মাঝে) একেবারেই কোনো ভুল বোঝাবুঝি নেই। বায়ার্ন যে দল গড়েছে তা ইউরোপের সবচেয়ে প্রতিভাবান ও সেরা দলগুলির একটি। এই দল নিয়ে প্রতিটি শিরোপার জন্য চ্যালেঞ্জ জানানো যেতে পারে।”

"এই চ্যালেঞ্জ আমাকে চাপে রাখে কিন্তু বায়ার্নে সব শিরোপা জেতাই মূল ব্যাপার। আমরা এখানে সব শিরোপা জিততে এসেছি।”