২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাপে ট্রেবল জয়ের অনুপ্রেরণা পাচ্ছেন সিটির দিয়াস

ফাইনালে ‘ফেভারিট’ তকমা উপভোগ করছেন এই পর্তুগিজ ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2023, 04:26 PM

Updated : 10 Jun 2023, 04:26 PM

যেকোনো প্রতিযোগিতায় ফেভারিট হিসেবে খেলতে নামা একইসঙ্গে অনুপ্রেরণা ও চাপের। দ্বিতীয়টির ক্ষেত্রে মাঠের খেলায় এর বিরূপ প্রভাব পড়তেও পারে। ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে অবশ্য রুবেন দিয়াস শোনালেন ভিন্ন কথা। ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার বললেন, এমন চাপে থাকতেই বরং তারা উপভোগ করেন।

ইস্তানবুলে শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় ইউরোপ সেরার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে সিটি ও ইন্টার।

২০১৬ সালে পেপ গুয়ার্দিওলা সিটির কোচ হওয়ার পর ইংলিশ ফুটবলে প্রায় একক রাজত্ব করছে সিটি। গত ছয় বছরে তারা পাঁচবার জিতেছে প্রিমিয়ার লিগের শিরোপা। তবে দলটি কখনও জিততে পারেনি চ্যাম্পিয়ন্স লিগ।

ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া থেকে আর একটি জয় দূরে সিটি। সাম্প্রতিক পারফরম্যান্স ও শক্তিমত্তার বিচারে আসছে লড়াইয়ে পরিষ্কার ফেভারিট গুয়ার্দিওলার দল। তাদের ওপর সমর্থকদের প্রত্যাশাও তাই অনেক বেশি।

প্রত্যাশার চাপকে ইতিবাচকভাবেই দেখছেন দিয়াস। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এই পর্তুগিজ বলেছেন, চাপের মুখেই নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারেন তারা।

“আমরা চাপে থাকতে পছন্দ করি, আমরা এটা উপভোগ করি, চাপ দ্রুত দৌড়াতে, বলের জন্য উঁচুতে লাফ দিতে এবং আরও মনোযোগী হতে সাহায্য করবে। এই ধরনের ম্যাচগুলোর জন্য এমন কিছুই প্রয়োজন।”

“আমাদের চাপকে আলিঙ্গন করতে হবে। আমরা মুহূর্তটি উপভোগ করছি, আমরা জানি এটি ক্লাব, ভক্ত, আমাদের পরিবারের কাছে কতটা অর্থবহ এবং তা উপভোগ করতে আমরা কখনই ভুলে যাই না।”

সিটি এর আগে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল খেলেছে একবার, ২০২১ সালে। সেবার চেলসির কাছে ১-০ গোলে হেরে স্বপ্ন ভাঙে তাদের।

প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার সবশেষ ফাইনালে খেলেছিল ২০১০ সালে। সেবার বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।