ম্যান সিটি কোচের দাবি, তাদের স্কোয়াডই সবচেয়ে ছোট
১৮-১৯ জনের স্কোয়াড নিয়ে লড়তে হচ্ছে, বললেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।
ম্যানচেস্টার সিটির ড্রেসিং রুম যেন তারা ঝলমলে আকাশ। তাদের ডাগ আউটে বসে থাকাদের মধ্যেও তারকার অভাব নেই। দলবদলের বাজারে বছরের পর বছর তারা খরচ করে আসছে কোটি কোটি ডলার। তবে কোচ পেপ গুয়ার্দিওলা বলছেন, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্ষুদ্রতম স্কোয়াড নিয়ে কাজ করতে হচ্ছে তাকে।
প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমায় ম্যানচেস্টার সিটি।
এই ম্যাচেই শুরুতে তাদের বেঞ্চে ছিলেন কেলভিন ফিলিপস, ফিল ফোডেন, হুলিয়ান আলভারেসেরে মতো তারকা।
আবু ধাবির ধনাঢ্য ব্যবসায়ী শেখ মানসুন বিন জায়েদ আল-নাহিয়ান ২০০৮ সালে ক্লাব কিনে নেওয়ার পর দলবদলে প্রায় আড়াইশ কোটি ডলার খরচ করেছে তারা। এই সময় ধরা দিয়েছে প্রিমিয়ার লিগের ৬টি শিরোপা। দলবদল সংক্রান্ত ওয়েবসাইট ট্রান্সফারমার্কেট-এর সূত্র মতে, সিটির বর্তমান স্কোয়াডের মূল্য ১১১ কোটি ডলারের বেশি।
কোচ গুয়ার্দিওলা তবু অ্যাস্টন ভিলাকে হারানোর পর স্কাই স্পোর্টসকে বললেন, তার স্কোয়াডে ২০ জন ফুটবলারও নেই।
“আমামের হাতে আছে স্রেফ ১৮-১৯ জন ফুটবলার। আমাদের গভীরতা এত কম, এত কম যে, হয়তো অনেকটা ব্যবধানেই প্রিমিয়ার লিগের সবচেয়ে ছোট স্কোয়াড। আমাদের জন্য তাই গুরুত্বপূর্ণ যে চোট-আঘাত যেন বেশি না হয়।”
“আমাদের ট্রেনিংয়ের পদ্ধতি অবশ্য, যাতে ক্লান্তি এড়াতে ও চোট সামলাতে পারি আমরা। আমাদের অসাধারণ কিছু চিকিৎসক, ফিজিও ও অন্যরা আছেন। এজন্যই অনেক বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছি।”
সাম্প্রতিক সময়ে অবশ্য মাঠের ফুটবলের কারণে নয়, তারা খবরের শিরোণামে আছে আর্থিক অনিয়মের অভিযোগের কারণে। ২০০৯ সাল থেকে এখনও পর্যন্ত আর্থিক অনিয়মের ১১৫টি অভিযোগে স্বাধীন একটি কমিশনের মুখোমুখি হতে হবে তাদের। দোষ প্রমাণ হলে পয়েন্ট কেটে নেওয়া, শিরোপা কেড়ে নেওয়া, এমনকি রেলিগেশনেও নামিয়ে দেওয়া হতে পারে সিটিকে।
