বার্সায় মেসির ১০ নম্বর জার্সি চান ইয়ামাল
ভবিষ্যতে বার্সেলোনার হয়ে আইকনিক এই জার্সি পরে খেলার ইচ্ছা তরুণ স্প্যানিশ ফরোয়ার্ডের।
লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর তার আইকনিক ১০ নম্বর জার্সি পান আনসু ফাতি। এখন অবশ্য ধারে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে খেলছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ভবিষ্যতে তিনি কাম্প নউয়ে না থাকলে ১০ নম্বর জার্সি পরে খেলতে চান আরেক স্প্যানিশ তরুণ লামিনে ইয়ামাল।
বার্সেলোনায় মেসির আগে ১০ নম্বর জার্সিতে মাঠ মাতিয়েছেন রিভালদো, রোনালদিনিয়োর মতো তারকারা। ২০০৮ সালে রোনালদিনিয়ো ক্লাব ছাড়ার পর বিখ্যাত এই জার্সি পান আর্জেন্টাইন ফরোয়ার্ড। পরবর্তী সময়ে কাতালান ক্লাবটিতে তিনি হয়ে ওঠেন কিংবদন্তি।
ইচ্ছার বিরুদ্ধে মেসি ক্লাব ছাড়ার পর ২০২১ সালের সেপ্টেম্বরে ওই জার্সি ওঠে ফাতির গায়ে। গত সেপ্টেম্বরে এক মৌসুমের জন্য ধারে ইংলিশ ক্লাব ব্রাইটনে পাঠানো হয় তাকে। বার্সেলোনায় ফিরলে ১০ নম্বর জার্সি হয়তো তারই থাকবে।
তবে কখনও এই জার্সি ফাঁকা পড়ে থাকলে, তা পেতে চান ইয়ামাল। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’কে দেওয়া সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথা শোনান বর্তমানে ২৭ নম্বর জার্সিতে খেলা এই ফরোয়ার্ড।
“১০ নম্বর জার্সিটা আনসুর। যদি সে এখানে না থাকে, ১০ নম্বর জার্সি পরা হবে গর্বের। যে কোনো তরুণের এই জার্সি পরার স্বপ্ন থাকে। কেউ হয়তো এই জার্সির প্রশ্নে না বলবে না। তবে সিদ্ধান্তটা ম্যানেজমেন্টকে নিতে হবে।”
বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা ইয়ামালকে দেখা হচ্ছে দলটির ভবিষ্যৎ হিসেবে। এরই মধ্যে দলটির হয়ে বেশ কিছু রেকর্ড ভেঙে দিয়েছেন ১৬ বছর বয়সী এই ফুটবলার।
গত মাসে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা দাবি করেন, এই টিনএজারের জন্য পিএসজির ২০ কোটি ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তারা। এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ফরাসি ক্লাবটির বিপক্ষেই খেলবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
