বাড়ি বানাতে গিয়ে বড় জরিমানার শঙ্কায় নেইমার
পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছে নির্মাণ কাজ, অভিযোগ প্রমাণ হলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা।
ব্রাজিলে ফুটবল তারকা নেইমারের মালিকানাধীন একটি প্রাসাদসম বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পরিবেশ লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানায় স্থানীয় সরকার কর্তৃপক্ষ।
রিও দে জেনেরিওর দক্ষিণ প্রান্তে উপকূলীয় শহর মাঙ্গারাচিবাতে বিলাসবহুল এই প্রাসাদ গড়ে তুলছেন নেইমার। স্থানীয় সরকার কর্তৃপক্ষ জানায়, অভিযোগ প্রমাণিত হলে জরিমানা হতে পারে কমপক্ষে ১০ লাখ ডলার।
২০১৬ সালে এই জায়গা কিনেছিলেন বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। আড়াই একর জায়গা জুড়ে এই বাড়িটিতে হেলিপ্যাড, স্পা, জিমসসহ আরও অনেক কিছুই আছে।
তবে স্থানীয় পরিবেশ বিভাগের যথাযথ অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। এই বাড়িটি পরিষ্কার পানি, পাথর ও বালির ব্যবহার ও প্রবাহ বাধাগ্রস্থ করা সম্পর্কিত আইন লঙ্ঘন করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
অভিযোগ প্রমাণ হলে অন্তত ৫০ লাখ ব্রাজিলিয়ান হেইয়াস (১০ লাখ মার্কিন ডলারের বেশি) জরিমানা দিতে হবে নেইমারকে।
বাড়ির নির্মাণ কাজ বন্ধ করতে গিয়ে স্থানীয় সরকারের কর্মকর্তাগণ নেইমারের বাবার দুর্ব্যবহার ও অপমানের শিকার হন বলেও স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করার হুমকি দেয় কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত অবশ্য তা করা হয়নি।
এই ব্যাপারের নেইমারের পারিবারিক মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।
