যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ‘হেনস্তার অভিযোগ’ ইমন চক্রবর্তীর
‘গায়ে হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার’ অভিযোগও আনেন ইমন চক্রবর্তী।
আমেরিকায় কনসার্ট করতে গিয়ে বিমান সংস্থার কর্মীদের কাছ থেকে দুর্ব্যবহার ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন কলকাতার সংগীতশিল্পী ইমন চক্রবর্তী।
দেশটির নিউ জার্সিতে পূজার অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল ইমন চক্রবর্তীর। সেখানে যাওয়ার পথেই ডালাস বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন তিনি ও দলের সদস্যরা।
ফেইসবুকে ভিডিও বার্তায় ইমন অভিযোগ করে বলেন, বোর্ডিং পাস থাকা সত্ত্বেও বিমানে তাদের উঠতে দেওয়া হয়নি বরং মার্কিন বিমান সংস্থার কর্মীরা তাদের সঙ্গে ‘অভদ্র আচরণ করেন’। এমনকি ‘গায়ে হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার’ অভিযোগও আনেন ইমন চক্রবর্তী।
ইমন বলেন, তারা পালটা প্রতিবাদ করতেই পরিস্থিতি আরও চরমে ওঠে। কেবল তাই নয়, তার টিমের সদস্যদের বাদ্যযন্ত্রগুলি তুচ্ছতাচ্ছিল্য করা হয়।
এসব ঘটনার কারণে শেষ পর্যন্ত ওই নির্দিষ্ট ফ্লাইটটি ধরতে পারেননি তারা।
তবে ঝড়ঝাপটা পেরিয়ে শেষমেশ টিমের সদস্যদের নিয়ে ফিলাডেলফিয়া পৌঁছতে পেরেছেন ইমন চক্রবর্তী।
বিদেশের মাটিতে বাংলা গান পরিবেশন করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় ঘটনাটির নিন্দার ঝড় উঠেছে সোশাল মিডিয়ায়।
