ভিনিসিউসের সমর্থনে নেচে গোল উদযাপন জেসুসের
ব্রেন্টফোর্ডের বিপক্ষে করা গোল ব্রাজিলিয়ান সতীর্থকে উৎসর্গ করেছেন আর্সেনাল ফরোয়ার্ড।
বর্ণবাদী মন্তব্যের শিকার হওয়া ভিনিসিউস জুনিয়রের সমর্থনে এগিয়ে এলেন তার জাতীয় দলের আরেক সতীর্থ গাব্রিয়েল জেসুস। প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে গোল করার পর আর্সেনালের এই ফরোয়ার্ডও নেচে উদযাপন করলেন। গোলটি তিনি উৎসর্গ করলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে।
প্রতিপক্ষের মাঠে রোববার আর্সেনালের ৩-০ গোলে জেতা ম্যাচে দ্বিতীয় গোলটি করেন জেসুস। গোলের পর নিজের স্বভাবসুলভ ‘ফোন কল’ উদযাপন না করে ‘কর্নার ফ্ল্যাগ’ এর সামনে গিয়ে নেচে উদযাপন করেন ব্রাজিলিয়ান তারকা।
লা লিগায় গত সপ্তাহে মায়োর্কার বিপক্ষে রিয়ালের ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে গোলের পর নেচে উদযাপন করেন ভিনিসিউস। তার উদযাপন নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন স্প্যানিশ ফুটবল এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পেদ্রো ব্রাভো। টেলিভিশনে এক লাইভ অনুষ্ঠানে গত শুক্রবার ভিনিসিউসকে বানরের সঙ্গে তুলনা করেন তিনি।
পরে অবশ্য ক্ষমাও চান ব্রাভো। তিনি দাবি করেন, তার মন্তব্যটি ছিল কেবল ‘রূপক অর্থে।’ এর আগে আতলেতিকো মাদ্রিদের মিডফিল্ডার কোকে বলেছিলেন, ওয়ান্দা মেত্রোপলিতানোয় মাদ্রিদ ডার্বিতে ভিনিসিউস ওভাবে নেচে উদযাপন করলে ‘সমস্যা’ হবে।
ব্রাভোর বর্ণবাদী মন্তব্যের পর ভিনিসিউসের সমর্থনে তার পাশে দাঁড়ান ক্লাব, জাতীয় দলের সতীর্থ, এমনকি অন্য দলের খেলোয়াড়রাও। কেউ কেউ ব্রাভোকে গ্রেপ্তারের দাবিও জানান। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে বলেন, নেচে গোল উদযাপন ফুটবলের অংশ।
ভিনিসিউস নিজেও পরে কড়া প্রতিক্রিয়া জানান। সমালোচকদের এক হাত নিয়ে বলেন, আগামীতেও গোলের পর এভাবে নেচে উদযাপন করে যাবেন তিনি।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের পর স্কাই স্পোর্টসকে জেসুস বলেন, ভিনিসিউসের সমর্থনেই নেচে গোল উদযাপন করেন তিনি।
“উদযাপনটি ভিনিসিউস জুনিয়রের জন্য ছিল, এসব (বর্ণবাদ) থামানো দরকার এবং গোলটা তার জন্য।”
রিয়াল ও আতলেতিকোর লা লিগার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত রোববার রাত ১টায়।
