২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অসুখী’ স্মলি থাকছেন না বাফুফের সঙ্গে

২০১৬ সাল থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে যুক্ত ছিলেন পল স্মলি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2023, 04:12 PM

Updated : 15 Jul 2023, 04:12 PM

টেকনিক্যাল অ্যান্ড স্ট্রাটেজিক ডিরেক্টর হিসেবে কাজ করার পাশাপাশি বাফুফের এলিট একাডেমি, বয়সভিত্তিক দলগুলো, নারী ফুটবল, কোচেস ট্রেনিং-এমন অনেক কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন পল থমাস স্মলি। ইংলিশ বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ানের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দীর্ঘদিনের সম্পর্কে পড়ছে ছেদ। এরই মধ্যে বাফুফের কাছে পদত্যাগপত্র দিয়েছেন তিনি, তার পদত্যাগ পত্র গ্রহণও করেছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থা।

২০১৬ সাল থেকে বাফুফের সঙ্গে যুক্ত স্মলি। মাঝে একটু বিরতি পড়েছিল বটে, তবে পুনরায় বাফুফেতে ফিরে আসেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে বিশেষ করে মেয়েদের ফুটবলে তার ‘অতিরিক্ত হস্তক্ষেপ’সহ নানা বিষয় নিয়ে আড়ালে-আবডালে উষ্মা প্রকাশ করছিলেন কোচ, কর্মকর্তাদের অনেকে। দুর্নীতির কারণে সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের বহিঃস্কার হওয়া নিয়েও নাকি ‘অস্বস্তিতে’ ছিলেন তিনি।

অস্বস্তির খচথচানি নিয়ে স্মলি কাজ চালিয়ে যেতে চাননি। তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এই অস্ট্রেলিয়ানের ‘অপরিহার্যতা’ নিয়ে প্রকাশ্যে, ঘরোয়া বৈঠকে কথা বলেছেন একাধিকবার। শনিবার সাবিনা-কৃষ্ণাদের সঙ্গে হোটেলে দেখা করতে এসেও বললেন পুরান কথা। জানালেন ‘অসুখী’ স্মলি চলেই যাচ্ছেন।

“যদি কেউ পদত্যাগপত্র দেয়, সেটা আমরা গ্রহণ করি, একসেপ্ট করি। আমার সাথে, আমার অফিসের কেউ যখনই পদত্যাগ পত্র দিয়েছে, তখনই সেটা গ্রহণ করেছি। কেননা, কেউ যদি কাজ করতে না চায়, তাহলে আমি নেগোসিয়েট করতে চাই না। আপনার সাথে আমি নেগোসিয়েট করব কখন, যখন আপনি বলবেন ১০ টাকার জায়গায় ১২ টাকা দাও, এটা-সেটা দাও, কিন্তু আপনি যদি বলেন কাজ করতে চাই না, তখন তো আর কথা নেই।”

“আমার সাথে একবার নয়, অনেকবার কথা হয়েছে। আমি বিশ্বাস করি, এই দেশের ফুটবল এতদিন যত টেকনিক্যাল ডিরেক্টর পেয়েছে, তাদের মধ্যে স্মলিই সেরা। সেজন্য আমি ওর সাথে অনেকবার কথা বলেছি। গত দুই-তিন মাস একটা শুক্রবারও সে আমাকে ছাড়েনি। ফুটবলের জন্য এটা-ওটা-সেটা করতে হবে, অনেক আলোচনা করেছে। কিন্তু দিনশেষে সত্যি হচ্ছে সে অসুখী, অসুখী নিয়ে যদি থাকে…তার অসুখী হওয়ার কারণ আমার চেয়ে আপনারা বেশি জানেন।”

বাংলাদেশের ফুটবলের কাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে স্মলির চাওয়াটা ছিল ইউরোপের মানের। আর্থিক সংকটের কারণে সেটা পূরণ করা সম্ভব নয় বলে জানালেন সালাউদ্দিন। ফিফার নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে স্মলির কিছু করার ছিল না বলেও মনে করেন বাফুফে সভাপতি।

“ফিফার থেকে যে নিষেধাজ্ঞা এসেছে, এ নিয়ে তার (স্মলির) কিছু করার নাই। আমাদের কী করতে হবে, সেটা ওর মতো আমিও বুঝি। আমাদের সবচেয়ে বড় কমতির জায়গা হচ্ছে অর্থ। ফিফার ফান্ড দিয়ে ওদের নিয়মের বাইরে আমি কিছু করতে পারব না। ধরুন, এই মেয়েদের যদি আমি বোনাস দিতে চাই, ওরা যদি পাওয়ার যোগ্যও হয়, তাহলেও ফিফার ফান্ড ব্যবহার করতে পারব না, টাকা আসতে হবে এই ফান্ডের বাইরে থেকে। এমন অনেক বিষয় আছে। আমরা চেষ্টা করছি।”