২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কয়েক সপ্তাহের’ জন্য ছিটকে গেলেন অ্যালেকজ্যান্ডার-আনর্ল্ড

হাঁটুর চোটে ভুগছেন লিভারপুলের এই ইংলিশ ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2024, 09:38 PM

Updated : 09 Jan 2024, 09:38 PM

দলের গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়কে হারিয়ে বড় ধরনের ধাক্কা খেল লিভারপুল। লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ইংলিশ ক্লাবটির ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আনর্ল্ড।

লিভারপুলের সহকারী কোচ পেপ লেন্ডার্স মঙ্গলবার জানিয়েছেন, হাঁটুর চোটে ভুগছেন অ্যালেকজ্যান্ডার-আনর্ল্ড। সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে ২৫ বছর বয়সী এই ফুটবলারের।

গত রোববার এফএ কাপে আর্সেনালের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে চোট পান অ্যালেকজ্যান্ডার-আনর্ল্ড। রোমাঞ্চকর ওই লড়াইয়ে প্রথম গোলটি হয়েছিল এই ইংলিশ ফুটবলারের ফ্রি কিক থেকে। হেড দিয়ে বল ফেরাতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন আর্সেনালের পোলিশ ডিফেন্ডার কিভিওর।

লিগ কাপের সেমি-ফাইনালের প্রথম লেগে বুধবার ফুলহ্যামের মুখোমুখি হবে লিভারপুল। এই ম্যাচে নিশ্চিতভাবে অ্যালেকজ্যান্ডার-আনর্ল্ডকে পাবে না তারা।

এরপর প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ২১ জানুয়ারি খেলবে অ্যানফিল্ডের দলটি। তিন দিন পর লিগ কাপে ফুলহ্যামের বিপক্ষে শেষ চারের ফিরতি লেগে লড়বে তারা।

জানুয়ারিতেই আছে লিভারপুলের আরও দুটি ম্যাচ। ২৭ জানুয়ারি এফএ কাপের চতুর্থ রাউন্ডে নরিচ সিটি কিংবা ব্রিস্টল রোভার্সের মুখোমুখি হবে ইয়ুর্গেন ক্লপের দল। ৩১ জানুয়ারি চেলসির বিপক্ষে লড়বে লিগ ম্যাচে।

গত গ্রীষ্মে লিভারপুলের সহ-অধিনায়কত্ব পাওয়া অ্যালেকজ্যান্ডার-আনর্ল্ড চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলেছেন। গোল করেছেন দুটি।