২২ বছর বয়সেই সব শিরোপা জিতে আরও ট্রফির আশায় রদ্রিগো
ক্লাব ফুটবলের সব ট্রফি জেতা হয়ে গেছে তার, তবে মদ্রিচ-ক্রুসদের পথে ছুটে রিয়াল মাদ্রিদের হয়ে আরও অনেক সাফল্যে নিজেকে রাঙাতে চান ব্রাজিলিয়ান এই তরুণ।
ক্লাব ফুটবলে কোন কোন ট্রফি জয়ের স্বপ্ন দেখেন একনজন ফুটবলার? রদ্রিগোর ক্যারিয়ারে তাকালেই তা জানা হয়ে যাবে। বয়স তার সবে ২২। তবে ক্যারিয়ার তার এখনই পূর্ণ। সব ট্রফিই জয়ের স্বাদই পেয়ে গেছেন! তবে পূর্ণতার তৃপ্তিতে তিনি ডুবে যতে চান না। বরং সামনে পথচলায় প্রবল তেষ্টা নিয়ে আরও সাফল্য-সুধা পান করতে চান রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ক্লাব ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ঘোচানো ট্রফি জয়ে দলের নায়ক ছিলেন রদ্রিগোই। তার জোড়া গোলেই শনিবার কোপা দেল রের ফাইনালে ওসাসুনাকে ২-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ।
২০১৯ সালে স্রেফ ১৮ বছর বয়সে সান্তোস থেকে রিয়াল মাদ্রিদে পা রাখেন রদ্রিগো। প্রথম মৌসুমেই স্বাদ পান লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ের। এই দুই শিরোপার স্বাদ তিনি দ্বিতীয় দফায় পান গত মৌসুমে। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা সমৃদ্ধ করেছে তার ক্যারিয়ারকে। বাকি ছিল কেবল কোপা দেল রে। এবার ৯ বছর পর রিয়ালের এই ট্রফি জয়ে অপূর্ণতা থাকল না রদ্রিগোরও।
ট্রফি জিতে ও ফাইনালে ম্যাচ সেরা হয়ে রদ্রিগোর কথায় ফুটে উঠল তার উচ্ছ্বাসের মাত্রা।
“আমি খুবই খুশি। কারণ রিয়াল মাদ্রিদের জয়ে একমাত্র যে ট্রফিটি জিততে পারিনি আগে, আজকে সেটিও জিতে গেলাম কেবল ২২ বছর বয়সেই। অসাধারণ এক অনুভূতি এটা।”
“এই সপ্তাহেই আমরা এটা নিয়ে কথা বলছিলাম যে, কত বছর ধরে রিয়াল মাদ্রিদ এই টুর্নামেন্টের শিরোপা জিততে পারছে না। ব্যক্তিগতভাবে আমিও এটির অভাব অনুভব করছিলাম। দুটি গোল করেছি… আমার জন্য স্পেশাল এক রাত এটি।”
ফাইনালে জয়ের নায়ক হওয়া মানে সবসময়ই বিশেষ কিছু। তবে রদ্রিগোর হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে আছে আরেকটি ম্যাচ। রিয়াল মাদ্রিদের সমৃদ্ধ ক্যারিয়ারেও যে ম্যাচ স্মরণীয় হয়ে আছে আলাদা করে। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই গোলের ব্যবধানে পিছিয়ে থাকার পর একদম অন্তিম সময়ে রদ্রিগোর দুই গোলেই নাটকীয়ভাবে সমতায় ফেরে রিয়াল। পরে করিম বেনজেমার গোলে জিতে অবিশ্বাস্যভাবে তারা পা রাখে ফাইনালে। রদ্রিগোর ক্যারিয়ারে সেই ম্যাচই এখনও সবকিছুর ওপরে।
“ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমি-ফাইনালটি এখনও সবচেয়ে স্পেশাল। এই ট্রফি জয় হয়তো আমার সেরা তিনে থাকবে। তবে সিটির বিপক্ষে ওই জয়ের তুলনীয় কিছু নেই।”
সেবার ফাইনালে উঠে পরে ট্রফিও জিতে নেয় রিয়াল মাদ্রিদ। এবারও সেমি-ফাইনালে তাদের সামনে সেই ম্যানচেস্টার সিটিই। গত মৌসুমের চেয়ে শক্তি বাড়িয়ে এবার সিটি আরও প্রবল প্রতিপক্ষ।
তবে এবারও সিটিকে হারাতে প্রত্যয়ী রদ্রিগো। শুধু এই সেমি-ফাইনালই নয়, ক্লাবের কিংবদন্তিদের পদাঙ্ক অনুসরণ করে আরও অনেক সাফল্যের স্বাদ পেতে চান তিনি।
“এই ট্রফি জয়ের ইচ্ছা দারুণভাবেই ছিল, কারণ এটি আমার ছিল না। তবে এখানেই শেষ নয়। আরও শিরোপা জিততে চাই, আরও অনেক বেশি জিততে চাই।”
“এখানে আরও যারা গ্রেট আছে, তাদের অনুসরণ করতে হবে আমার। লুকা মদ্রিচ, টনি ক্রুস… তারা সবসময় জিততে চান। মৌসুমে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটিই আছে মঙ্গলবার (চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালে)।”
