২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধের কারণে মালয়েশিয়ার টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল ফিলিস্তিন

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘর্ষের কারণে ফিলিস্তিন এই সিদ্ধান্ত নিয়েছে।

যুদ্ধের কারণে মালয়েশিয়ার টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল ফিলিস্তিন

ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2023, 04:04 PM

Updated : 10 Oct 2023, 07:04 PM

ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের হামাস গ্রুপের চলা প্রাণক্ষয়ী সংঘর্ষের প্রভাব পড়ল ফুটবলে। মালয়েশিয়ার একটি প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ফিলিস্তিন।

আগামী ১৩ অক্টোবর থেকে মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রীতি টুর্নামেন্ট মারদেকা কাপ মাঠে গড়ানোর কথা। এই টুর্নামেন্টেই স্বাগতিক মালয়েশিয়া, ভারত ও তাজিকিস্তানের সঙ্গে খেলার কথা ছিল ফিলিস্তিনের। কিন্তু বর্তমানে সংঘর্ষ চলছে দুই দেশের মধ্যে।

ইসরায়েলের টিভি চ্যানেলগুলো জানিয়েছে, হামাসের আক্রমণে ৯০০ ইসরায়েলির মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২ হাজার ৬০০ জন এবং হামাসের কাছে বন্দী রয়েছে কয়েক ডজন মানুষ।

জবাবে ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৬৮৭ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন বিরূপ পরিস্থিতিতে ফিলিস্তিন দল সরে দাঁড়িয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়া।

“ফিলিস্তিন দল এই প্রতিযোগিতার ৪২তম আসর থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। কারণ, এই মুহূর্তে দেশের বিরূপ পরিস্থিতির মধ্যে বিমানে করে কুয়ালা লামপুরে আসতে পারছে না তারা।”

ফিলিস্তিন দলের আগামী নভেম্বরে লেবানন ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে। আগামী বছর ১২ ফেব্রুয়ারি কাতারে শুরু হতে যাওয়া এশিয়ান কাপের খেলার যোগ্যতা অর্জন করেছে ফিলিস্তিন।